আলোচনার আড়ালে স্থল হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র: মোহাম্মদ বাকের গালিবাফ
ছবি: সংগৃহীত
০৩:৩৯ পিএম | ২৯ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র একদিকে যুদ্ধ বন্ধে আলোচনা চালাচ্ছে, অন্যদিকে গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে-এমন অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।
রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, 'শত্রু প্রকাশ্যে আলোচনা ও সংলাপের বার্তা দিচ্ছে, কিন্তু গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে।'
গালিবাফের দাবি, কূটনৈতিক তৎপরতার আড়ালে যুক্তরাষ্ট্র ভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে।
এদিকে ইরানে কয়েক সপ্তাহ ধরে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। ওই কর্মকর্তারা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও স্থলবাহিনী মোতায়েনের পরিকল্পনা অনুমোদন করেননি।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থল অভিযান নিয়ে এখন যে পরিকল্পনা রয়েছে, তাতে পুরো মাত্রায় হামলা চালানো হবে না। বরং স্পেশাল অপারেশন্স ফোর্সেস ও প্রচলিত পদাতিক বাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হবে।
ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের চার হাজারের বেশি মেরিন সেনা বর্তমানে উপসাগরের দিকে অগ্রসরমান জাহাজগুলোতে অবস্থান করছে। এছাড়া ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপাররা প্রস্তুত অবস্থায় রয়েছে এবং আরও অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়েও আলোচনা চলছে।
এমআর/টিএ