© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজায় মানবিক সহায়তার সুযোগ দিতে ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যসহ ৪ দেশের আহ্বান

শেয়ার করুন:
গাজায় মানবিক সহায়তার সুযোগ দিতে ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যসহ ৪ দেশের আহ্বান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৮ এএম | ১৬ নভেম্বর, ২০২৬
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে অবিলম্বে এবং বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি এবং যুক্তরাজ্য। একই সঙ্গে সাম্প্রতিক বন্যা গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য আরও দুর্ভোগ ডেকে এনেছে বলে উল্লেখ করেছে দেশগুলো।

রবিবার (১৫ নভেম্বর) চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

অবরুদ্ধ গাজায় চলমান ভয়াবহ মানবিক পরিস্থিতির বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বশেষ সতর্কবার্তা এটি।

যৌথ বিবৃতিতে বলা হয়, 'গাজার মানুষের এখন জরুরি ভিত্তিতে আশ্রয় ও মানবিক সহায়তা প্রয়োজন। অথচ ১ লাখ ৫০ হাজার তাঁবুসহ বিভিন্ন অত্যন্ত জরুরি জীবনরক্ষাকারী সরঞ্জাম সীমান্তে আটকে রাখা হয়েছে এবং গাজায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।'

দীর্ঘ বছর ধরে ২০ লক্ষাধিক মানুষের আবাসভূমি গাজায় প্রবেশ ও রপ্তানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে ইসরায়েল। ২০২৩ সালের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরু করার পর থেকে ইসরায়েল ফিলিস্তিনি এই ভূখণ্ডকে পূর্ণাঙ্গ অবরোধের মধ্যে ফেলে দিয়েছে, যার ফলে খাদ্য ও পানির মতো মৌলিক ও জরুরি পণ্য প্রবেশও চরমভাবে সীমিত হয়ে পড়েছে।
জেনেভা কনভেনশন অনুযায়ী, বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা যুদ্ধাপরাধের শামিল হতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, 'আমরা আজ ইসরায়েল সরকারকে মানবিক সহায়তায় সব ধরনের বিলম্ব অবিলম্বে বন্ধ করার এবং পুরো গাজাজুড়ে তাৎক্ষণিক, দ্রুত ও বাধাহীন মানবিক সহায়তার সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।'

চলতি মাসের ভারী বৃষ্টি ও বন্যায় গাজার হাজার হাজার তাঁবু ভেসে গেছে, যার ফলে অসংখ্য মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, 'এই পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তনযোগ্য এবং শীত পুরোপুরি জেঁকে বসার আগেই পদক্ষেপ নেওয়ার এখনো সময় আছে।'

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় ইতিমধ্যে ১৯ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যাদের অনেককেই একাধিকবার স্থান পরিবর্তন করতে বাধ্য হতে হয়েছে।

সূত্র: আলজাজিরা

এফআর/

মন্তব্য করুন