নিজের অভিনীত প্রেমের ছবি দেখার অনুমতি ছিল না আমির খানের!
ছবি: সংগৃহীত
০৪:২৯ পিএম | ২৯ মার্চ, ২০২৬
নব্বই দশকে একাধিক হিট রোমান্টিক সিনেমা করে ‘চকোলেট বয়’ নামে জনপ্রিয়তা পেয়েছিলেন আমির খান। তার অভিনীত রোমান্টিক সিনেমাগুলো প্রজন্ম থেকে প্রজন্মতর দর্শকমনে দাগ কাটে। তবে ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত এই অভিনেতার ছোটবেলায় প্রেমের ছবি দেখার অনুমতি ছিল না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানান, রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠেন তিনি। তাই ছোটবেলায় প্রেমের ছবি দেখার অনুমতি ছিল না বাড়িতে। তিনি বলেন, ‘আমার বাবা-মা সিনেমা দেখার ব্যাপারে খুব কড়া ছিলেন। খুব বেশি সিনেমা দেখার অনুমতি ছিল না, সেখানে রোমান্টিক সিনেমা দেখার অনুমতি একেবারেই ছিল না। ছোটাবেলায় ছবি দেখার ক্ষেত্রে কড়া নিয়ম থাকায় আমার নিজের আলাদা একটা জগৎ তৈরি হয়। সেখান থেকেই আমার বই পড়ার প্রতি তীব্র নেশা জন্মে।’

তবে সপ্তাহের বিশেষ দিনে মাঝে মাঝে সিনেমা দেখার সুযোগ পেতেন তিনি। তখন কিংবদন্তি তারকা অশোক কুমার ও দিলীপ কুমার অভিনীত পুরোনো ছবিগুলোই বেশি দেখতেন আমির খান।
১৮ বছর বয়সে চলচ্চিত্র জগতে কাজ শুরু করেন আমির খান। শুরুটা ছিল সহকারী হিসেবে। বর্তমানে নিজে সিনেমা নির্মাণ করলেও, সিনেমা দেখার অভ্যাস খুব একটা গড়ে ওঠেনি তার। এ প্রসঙ্গে মজার ছলে তিনি বলেন, ‘কেউ ফুটবল খেলে, কেউ ফুটবল দেখে আমি সিনেমা বানাই, তাই খুব কম সিনেমা দেখি।’
তিনি আরও বলেন, নতুন সিনেমা বা হলিউডে কী হচ্ছে এসব বিষয়ে তার তেমন ধারণা নেই। নিজের মতো করেই একটি আলাদা জগতে থাকতে পছন্দ করেন এই তারকা অভিনেতা।
এই মুহূর্তে আমির খান তার প্রযোজিত ছবি ‘এক দিন’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই ছবিতে প্রধান নায়ক হিসেবে দেখা যাবে তার ছেলে জুনাইদ খানকে।
আরআই/টিএ