মায়ের আপত্তি উপেক্ষা করে পঙ্কজকে বিয়ে করেন অভিনেত্রী সুপ্রিয়া
ছবি: সংগৃহীত
০৪:৩৮ পিএম | ২৯ মার্চ, ২০২৬
বলিউডে প্রবীণ তারকা দম্পতির মধ্যে অন্যতম অভিনেত্রী সুপ্রিয়া পাঠক ও পঙ্কজ কাপুর। অভিনেত্রী নীলিমা আজিমের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে সুপ্রিয়াকে বিয়ে করেন পঙ্কজ। ৩৮ বছরের বিবাহিতজীবন তাদের। কিন্তু পঙ্কজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত মেনে নেননি সুপ্রিয়ার মা অভিনেত্রী দীনা পাঠক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুপ্রিয়া পাঠক জানান, তার মা পঙ্কজ কাপুরকে মোটেই পছন্দ করতেন না। তিনি বলেন, ‘আমার মা তাকে পছন্দ করতেন না। তিনি আমাকে সবসময় বোঝাতেন, এই সম্পর্ক টিকবে না। আমাদের বিয়ের ৩৮ বছর হয়ে গেছে, কিন্তু মা বেঁচে থাকলে এখনো হয়তো বলতেন ‘ও তোকে ছেড়ে চলে যাবে’। কেন এমন ভাবতেন, তা আমি আজও জানি না।’
শুধু আপত্তিই নয়, দিনা পাঠক নানা উপায়ে এই সম্পর্ক ভাঙার চেষ্টাও করেন। সুপ্রিয়ার কথায়, ‘মা আমাকে বোঝাতে সব চেষ্টা করেন যে পঙ্কজ আমার জন্য ঠিক মানুষ নয়। এমনকি তিনি খোঁজখবর নিয়ে কোথা থেকে জানতে পারেন ‘পঙ্কজ নাকি খুব মদ খায়। অথচ সে জীবনে কখনো মদ ছুঁয়েও দেখেনি। কিন্তু মা নানা অভিযোগ তুলে আমাকে বোঝানোর চেষ্টা চালিয়ে যেতেন।’

একসময় ধৈর্য হারিয়ে সুপ্রিয়া মাকে সোজাসাপ্টা জানান, ‘মাকে বললাম পঙ্কজ মোটেই খারাপ মানুষ নন। সব ভুল তথ্য পেয়েছ তুমি। আমি পঙ্কজকেই বিয়ে করব। আমার বিয়েতে তুমি যদি আসতে চাও, তো ভাল। না আসতে চাইলে সেটা তোমার সিদ্ধান্ত, আমার কিছু বলার নেই তাতে।’
তবে সময়ের সঙ্গে পঙ্কজের প্রতি দিনা পাঠকের দৃষ্টিভঙ্গি বদলে যায়। মৃত্যুর আগে তিনি বুঝতে পারেন, পঙ্কজই সুপ্রিয়ার জন্য সবচেয়ে সঠিক মানুষ। এমনকি তিনি পঙ্কজকেই সবচেয়ে বেশি পছন্দ করা শুরু করেছিলেন।
সুপ্রিয়া ও পঙ্কজের সংসারে রয়েছেন তাদের মেয়ে সানাহ ও ছেলে রুহান। এছাড়া পঙ্কজ কাপুরের প্রথম স্ত্রী নীলিমা আজিমের ঘরে রয়েছে প্রথম সন্তান অভিনেতা শাহিদ কাপুর।
পিআর/টিএ