© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফিলিং স্টেশনে বাইকারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে এএসআই ক্লোজড

শেয়ার করুন:
ফিলিং স্টেশনে বাইকারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে এএসআই ক্লোজড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৯ পিএম | ২৯ মার্চ, ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জে একটি ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের মারধর ও অসদাচরণের অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। অভিযুক্ত ওই কর্মকর্তা হলেন কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ শহরে আয়েশা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। মোটরসাইকেল মালিকরা বলেন, তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের অতিরিক্ত ভিড়ের কারণে সেখানে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় বাইকারদের লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার নির্দেশ দেওয়া হয়। মোটরসাইকেল মালিকরা যথানিয়মে তেল নিতে থাকে।

এএসআই আব্দুল্লাহ আল মামুন কয়েকজন বাইক চালককে লাঠি দিয়ে মারধর করেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করেন। এমনকি কয়েকটি মোটরসাইকেলে আঘাত করে ক্ষতিগ্রস্থ করার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ক্যামেরায় তার এমন আচরণের ভিডিও ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এএসআই মামুনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। স্থানীয়দের দাবি, এর আগেও তার বিরুদ্ধে অসদাচরণের একাধিক অভিযোগ রয়েছে।

অভিযোগ অস্বীকার করে এএসআই আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনি কেবল শৃঙ্খলা রক্ষার স্বার্থে দায়িত্ব পালন করছিলেন। বাইক চালকদের সিরিয়াল মেনে তেল নেওয়ার জন্য বলা হয়েছিল। এক পর্যায়ে একজন বাইকার অসাবধানতাবশত আমার পায়ের ওপর মোটরসাইকেল তুলে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই আমি তাকে সরিয়ে দেই। কাউকে লাঠিপেটা করার ঘটনা ঘটেনি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাকে পুলিশ লাইনে ক্লোজড করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন। এটি ভিডিওর কারণে, নাকি অন্য কোনো প্রশাসনিক কারণে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আইকে/টিএ

মন্তব্য করুন