রাহুলকে হারিয়ে ভেঙে পড়লেন অভিনেতার মা,শোকস্তব্ধ টলিপাড়া!
ছবি: সংগৃহীত
০৮:৫৯ এএম | ৩০ মার্চ, ২০২৬
পুত্রের মৃত্যুসংবাদ পৌঁছাতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা রাহুল অরুণোদয়ের মা। পরিবারের ভেতরে নেমে এসেছে গভীর শোক, আর সেই শোকের ভার যেন ছড়িয়ে পড়েছে পুরো টালিগঞ্জজুড়ে। তালসারিতে ধারাবাহিকের শুটিং করতে গিয়ে আকস্মিকভাবে রাহুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই একের পর এক সহকর্মী, বন্ধু এবং কাছের মানুষ ছুটে যাচ্ছেন তাঁর বাড়িতে।
অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী জানান, খবর পাওয়ার পর থেকেই তিনি রাহুলের বাড়িতে রয়েছেন। তাঁর কণ্ঠে তখনও স্পষ্ট শোকের ভার। তিনি বলেন, রাহুল আর নেই এ কথা এখনও মেনে নিতে পারছেন না। কথাগুলো বলতে গিয়েও বারবার থেমে যাচ্ছিলেন তিনি। তাঁর ভাষায়, সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে।
রাহুলের মৃত্যুসংবাদ শুনে গভীর শোকে স্তব্ধ হয়ে পড়েছেন পরিচালক অরিন্দম শীলও। একসময় তাঁর ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল। সেই কাজের স্মৃতি মনে করে পরিচালক বলেন, কাজের সময় রাহুলের মধ্যে ছিল এক অন্যরকম আনন্দ, মনোযোগ আর পড়াশোনার প্রতি গভীর টান। বই ছিল তাঁর নিত্যসঙ্গী। প্রেক্ষাগৃহে ঢোকার মুখে এই খবর পেয়ে কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারেননি তিনি।

অভিনেতা চন্দন সেনের কণ্ঠেও ছিল গভীর শোক। দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে রাহুলের সঙ্গে তাঁর নানা বিষয়ে আলোচনা হতো। বিশেষ করে পড়াশোনা, নাটক এবং সৃজনশীল কাজ নিয়ে রাহুলের নতুন ভাবনা তাঁকে আশাবাদী করেছিল। চন্দনের কথায়, অনেক পরিকল্পনা ছিল রাহুলের, নতুন করে কাজ শুরু করেছিলেন, আবার মঞ্চেও ফিরছিলেন। সেই পথ হঠাৎ থেমে গেল।
অভিনেত্রী চৈতি ঘোষালও এই মৃত্যুসংবাদ মানতে পারছেন না। কিছুদিন আগেই একটি আলোচনামূলক অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাহুল। সেই আলাপচারিতার স্মৃতি এখনও তাঁর কাছে জীবন্ত। তিনি বলেন, রাহুলের সঙ্গে দেখা হলেই আন্তরিক কথা হতো, লেখালিখি নিয়েও আলোচনা চলত। তাই আজ তাঁর মৃত্যু নিয়ে কথা বলতে হচ্ছে এটাই যেন সবচেয়ে অবিশ্বাস্য।
সংগীতশিল্পী রূপম ইসলাম স্মরণ করেছেন রাহুলের আরেকটি আলাদা পরিচয়। অভিনয়ের বাইরেও মতামত, লেখালিখি আর প্রশ্ন করার ভঙ্গিতে রাহুল ছিলেন স্বতন্ত্র। নিজের অনুষ্ঠান শুরুর সময় প্রথম পর্বে রূপমকে রাখার ইচ্ছা জানিয়েছিলেন তিনি। সেই আলাপচারিতায় রাহুলের প্রস্তুতি, পড়াশোনা আর গভীর মনোযোগ রূপমকে বিস্মিত করেছিল। তাঁর ভাষায়, বিনোদন অঙ্গনের ভেতরে থেকেও রাহুল যেন ছিলেন ভিন্ন স্বরের একজন মানুষ।
রাহুলের মৃত্যুর পর শুধু একজন অভিনেতাকে নয়, বরং এক চিন্তাশীল, সংবেদনশীল এবং অনুসন্ধিৎসু মানুষকে হারানোর কথাই বলছেন তাঁর সহকর্মীরা। রাত যত গভীর হয়েছে, ততই তাঁর বাড়ির সামনে জমেছে শোকাহত মানুষের ভিড়। আর ভেতরে এক মায়ের কান্না যেন এই মৃত্যুকে আরও নির্মম করে তুলেছে।
পিআর/এসএন