ইরান ইস্যুতে রাতের ঘুম উড়েছে বলিউড অভিনেতা অক্ষয়ের
ছবি: সংগৃহীত
০৯:০৯ এএম | ৩০ মার্চ, ২০২৬
ইরান যুদ্ধের জেরে ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক অস্থিরতার কারণে ‘ভালো নেই’ বলিউডের অভিনেতা অক্ষয় কুমার।
যুদ্ধ আক্রান্ত অঞ্চল এবং তার নিজেদের দেশের মানুষের নিরাপত্তার জন্য সবাইকে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন হিন্দি সিনেমার এই অভিনেতা।
টাইমস অব ইন্ডিয়া বলছে, কদিন আগে ‘হুইল অব ফরচুন’ নামে মুম্বইয়ে এক কুইজ রিয়ালাটি শোয়ে গিয়েছিলেন অক্ষয়। সেখানেই মধ্যপ্রাচ্যে যুদ্ধে জেরে বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সবার উদ্দেশে অক্ষয় বলেন, “আপনারা সবাই জানেন, পৃথিবীতে এখন অনেক দুর্ভোগ চলছে। চারদিকে যুদ্ধের আবহ। এইসময়ে আমাদের প্রার্থনা করা প্রয়োজন। রাতে যখনই ঘুমোতে যাবেন তার আগে নিজের পরিবারের জন্য একটা ছোট্ট প্রার্থনা করুন। যুদ্ধ চলা দেশগুলোর এবং আমাদের নিজেদের দেশের জন্য প্রার্থনা করুন। যাতে আমরা সবাই নিরাপদ থাকি।”
গেল মাসের ২৮ তারিখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। পাল্টা হামলা চালায় তেহরানও। হয়েছে প্রাণহানি, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, স্থাপনা। যুদ্ধ শুরু করার পর তেহরান বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ কার্যত বন্ধ করে দেয়। স্বাভাবিক সময়ে এই পথ দিয়েই বিশ্বের ২০ শতাংশ জ্বালানি তাদের গন্তব্যে যায়।
তেহরানের ওই পদক্ষেপের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে জ্বালানির দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। যার ধাক্কা পড়েছে বিশ্বজুড়ে শেয়ার বাজারগুলোতেও।
নব্বই দশকে ক্যারিয়ার শুরু করা অক্ষয়ের ঝুলিতে দেশাত্মবোধক সিনেমার সংখ্যা কম নয়। তিনি এয়ারলিফট, কেশরি, হলিডে: এ সোলজার ইজ নেভার অব ডিউটি, বেবি, রুস্তম, গোল্ড, মিশন মঙ্গল, গব্বর ইজ ব্যাক, প্যাড ম্যান এবং বেল বটম-এর মতো বেশ কয়েকটি দেশাত্মবোধক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
অভিনয় জীবনে উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া অক্ষয়ের ‘ভূত বাংলা’ সিনেমার কাজ শুরু হচ্ছে শিগগিরই। এই সিনেমার মধ্য দিয়ে নির্মাতা প্রিয়দর্শনের সঙ্গে ফের জুটি বাঁধতে চলেছেন অক্ষয়।
পিআর/এসএন