© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ম্যাচ শেষে অনুরাগীদের ভিড়ে বিপাকে ‘ধুরন্ধর টু’ অভিনেত্রী সারা অর্জুন!

শেয়ার করুন:
ম্যাচ শেষে অনুরাগীদের ভিড়ে বিপাকে ‘ধুরন্ধর টু’ অভিনেত্রী সারা অর্জুন!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৯ এএম | ৩০ মার্চ, ২০২৬
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোববারের ম্যাচ শেষ হওয়ার পর হঠাৎ করেই ভিড়ের কেন্দ্রবিন্দুতে চলে এলেন তরুণ অভিনেত্রী সারা অর্জুন। মাঠের গ্যালারি থেকে বেরিয়ে গাড়ির দিকে এগোতেই তাঁকে ঘিরে ধরেন অসংখ্য দর্শক ও অনুরাগী। সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর টু’-এর সাফল্যের পর তাঁর জনপ্রিয়তা যে নতুন মাত্রা পেয়েছে, সেই দৃশ্য যেন আরও স্পষ্ট হয়ে উঠল স্টেডিয়ামের বাইরে।

মুম্বাই ও কলকাতার ম্যাচ দেখতে সেদিন পরিবারের সঙ্গে স্টেডিয়ামে গিয়েছিলেন সারা। মুম্বাই দলের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার জার্সি পরে প্রিয় দলকে সমর্থন করতে দেখা যায় তাঁকে। সঙ্গে ছিলেন তাঁর বাবা রাজ অর্জুন ও মা সান্যা অর্জুন। মাঠে মুম্বাইয়ের জয় নিশ্চিত হওয়ার পর আনন্দঘন পরিবেশেই স্টেডিয়াম ছাড়ছিলেন তাঁরা। কিন্তু বের হওয়ার মুহূর্তেই একসঙ্গে বহু মানুষ এগিয়ে এসে ছবি তোলার আবদার করতে থাকেন।



পরিস্থিতি দ্রুত এমন পর্যায়ে পৌঁছে যায় যে, সারাকে নিরাপদে গাড়িতে তুলতে এগিয়ে আসতে হয় তাঁর বাবা-মাকে। চারদিক থেকে অনুরাগীরা ঘিরে ধরায় তাঁরা মেয়েকে আড়াল করে দ্রুত গাড়ির ভেতরে তুলে দেন। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এলাকা ছেড়ে চলে যায়।

ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে নিজের উচ্ছ্বাসও ভাগ করে নেন সারা। মুম্বাইয়ের জয় নিয়ে তিনি লেখেন, কী দারুণ এক ম্যাচ। তাঁর সেই প্রতিক্রিয়াও দ্রুত ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে।
স্টেডিয়ামে আরেক তরুণ অভিনেতা ঈশান খট্টরের সঙ্গেও দেখা যায় সারাকে। সম্প্রতি একটি বিজ্ঞাপনী কাজের সূত্রে তাঁদের একসঙ্গে কাজ করার খবরও সামনে এসেছে।

‘ধুরন্ধর টু’ ছবিতে ইয়ালিনা জামালির চরিত্রে অভিনয় করে আলোচনায় উঠে এসেছেন সারা অর্জুন। এটি প্রধান চরিত্রে তাঁর প্রথম বড় কাজ। শিশুশিল্পী হিসেবে বহুদিন ধরেই পরিচিত হলেও এবারই প্রথম পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি। এর আগে ‘দৈব তিরুমাগল’, ‘এক থা ডায়ান’, ‘জয় হো’, ‘জাজবা’ এবং ‘পোন্নিয়িন সেলভান’-এর মতো ছবিতে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন।

ছবির অভিনয়শিল্পী নির্বাচনের দায়িত্বে থাকা মুকেশ ছাবড়া জানিয়েছেন, ইয়ালিনা চরিত্রটির জন্য একেবারে নতুন মুখ দরকার ছিল। প্রতিষ্ঠিত তারকাদের ভিড়ে এমন একজনকে খুঁজে পাওয়া সহজ ছিল না, যিনি আলাদা শক্তি নিয়ে পর্দায় হাজির হতে পারবেন। শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ করেছেন সারা।

ছবিটির সাফল্যের পর এখন যে নতুন প্রজন্মের দর্শকের কাছেও তিনি আলাদা পরিচিতি পেয়েছেন, ওয়াংখেড়ের বাইরের সেই ভিড় যেন তারই সরাসরি প্রমাণ।

পিআর/এসএন  

মন্তব্য করুন