© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৫ পিএম | ৩০ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড প্রদান কর্মসূচি। এভাবেই দেশ এবং জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। সেই ধারাবাহিকতায় আজ থেকে শুরু হলো ‘ক্রীড়া কার্ড’।

প্রাক-পাইলট পর্যায়ে ধারাবাহিকভাবে সব শ্রেণির কৃষকের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরপর দেশের ৮ বিভাগের ৯টি উপজেলার ৯টি ব্লকে কৃষক কার্ড বিতরণ করা হবে।

নির্বাচিত উপজেলাগুলো হলো- টাঙ্গাইল সদর, বগুড়ার শিবগঞ্জ, পঞ্চগড় সদর, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, মৌলভীবাজারের জুড়ী, কুমিল্লা সদর ও কক্সবাজারের টেকনাফ।

কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) কর্মসূচিটি বাস্তবায়ন করবে। এ কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা গড়ে ২ হাজার ৫০০ টাকা করে ভর্তুকি বা কৃষি উপকরণ সহায়তা পাবেন।

এ ছাড়া খরিফ-১ ও খরিফ-২ মৌসুমে নির্দিষ্ট শ্রেণির কৃষকদের জন্য সরকার নির্ধারিত হারে আর্থিক অনুদান প্রদান করবে।

এর আগে রোববার (২৯ মার্চ) কৃষক কার্ড চালুর কার্যক্রম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটির পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় ‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে গঠিত কমিটির সর্বশেষ অগ্রগতি বিস্তারিত পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী প্রকল্পের স্বচ্ছতা ও সঠিক কৃষকদের কাছে সেবা পৌঁছানো নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এমআই/টিএ

মন্তব্য করুন