ফেনীর ২৮টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ
ছবি: সংগৃহীত
০৩:৫১ পিএম | ৩০ মার্চ, ২০২৬
ফেনীর ২৮টি ফিলিং স্টেশনে ২৮ জন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। অবৈধ পাচার, চোরাচালান প্রতিরোধ, জ্বালানি তেলের সরবরাহ, মজুত ও বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে এ নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৯ মার্চ) রাতে জেলা প্রশাসক মনিরা হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনার আলোকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সরবরাহ নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে স্থানীয় বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার প্রতিটি ফিলিং স্টেশনের তেল মজুত, সরবরাহ ও বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকির জন্য বিভিন্ন সরকারি কর্মকর্তাদের নির্দিষ্ট পাম্পে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, ফেনী সদর উপজেলার লালপোল স্টার লাইন ফিলিং স্টেশনে উপজেলা সমবায় কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া, মহিপাল ফিলিং স্টেশনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, নজির আহমদ ফিলিং স্টেশনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. হেলাল উদ্দিন, সন্ধানী ফিলিং স্টেশনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আজাদ এবং মুহুরী ফিলিং স্টেশনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. ফাহাদ ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া ফরিদা বখতিয়ার ফিলিং স্টেশনে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. হানিফ, আব্দুল কুদ্দুস ফিলিং স্টেশনে উপসহকারী কৃষি কর্মকর্তা শিপন চৌধুরী, আব্দুল খালেক ফিলিং স্টেশনে সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আতিকুর রহমান ভূঁইয়া, প্রগতি ফিলিং স্টেশনে সদর উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রাশেদুল আলম, মা মনি ফিলিং স্টেশনে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক নাজমুন নাহার, এম এম ফিলিং স্টেশনে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ফতেহপুরের স্টার লাইন ফিলিং স্টেশনে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন, এস রহমান ফিলিং স্টেশনে সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, তেমুহনীর স্টার লাইন ফিলিং স্টেশনে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ভূঁইয়া, স্টার লাইন ফিলিং স্টেশন টার্মিনালে সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলম ও জেনিথ ফিলিং স্টেশনে সদর উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. রেজওয়ানুল হক শুভকে ট্যাগ অফিসার করা হয়েছে।
ফুলগাজী উপজেলার আলম ট্রেডার্সে ফুলগাজী পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মিহির কান্তি দেবনাথ, ভাই ভাই ফিলিং স্টেশনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আবদুল্লাহ আরমান দায়িত্ব পালন করবেন।
ছাগলনাইয়া উপজেলার ইকবাল ফিলিং স্টেশনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, সুলতানা ফিলিং স্টেশনে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মজুমদার ফিলিং স্টেশনে উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশীদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
দাগনভূঞা উপজেলার দাগনভূঞা ফিলিং স্টেশনে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আতাউর রহমান মজুমদার, এইচ রহমান ফিলিং স্টেশনে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার ভাস্কর মজুমদার, সেবা ফিলিং স্টেশনে উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা, ইব্রাহিম ফিলিং স্টেশনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আইনুল হোসাইন জিলানী, সততা ফিলিং স্টেশনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তোফাজ্জল হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোনাগাজী উপজেলার মোশাররফ ফিলিং স্টেশনে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হুদা ও ডাকবাংলা ফিলিং স্টেশনে উপজেলা আইসিটি কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ট্যাগ অফিসারদের জন্য একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে। তাদেরকে ফিলিং স্টেশনের দৈনিক মজুত রেজিস্টার, সংরক্ষণ ও যাচাই, ডিপো থেকে সরবরাহকৃত তেল সঠিকভাবে গ্রহণ ও হিসাব মিলানো, ডিপস্টিক - ডিপরডের মাধ্যমে সরবরাহকৃত তেল বুঝে নেওয়া, মিটার রিডিং ও বিক্রয় হিসাব পর্যবেক্ষণ এবং প্রতিদিন অন্তত তিন বার তদারকি করতে বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফেনী জেলা প্রশাসক মনিরা হক জানান, চলমান মুহূর্তে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমআই/এসএন