বাংলা নববর্ষ উপলক্ষে প্রীতম-জেফারের ‘তুমি আমি শুধু’ সিনেমা মুক্তির গুঞ্জন!
ছবি: সংগৃহীত
০৩:৫৫ পিএম | ৩০ মার্চ, ২০২৬
অবশেষে মুক্তি পাচ্ছে প্রীতম হাসান ও জেফার রহমান জুটির প্রথম ওয়েব সিনেমা ‘তুমি আমি শুধু’। গত বছরের প্রথম ভাগে শুরু হয়েছিল এই ওয়েব সিনেমার নির্মাণ কাজ। তারও দেড় বছর আগে শুরু হয়েছিল নির্মাণ পরিকল্পনা। তবে নির্মাণ শুরুর পর কাজে কোনো বাধা আসেনি। যার পরিপ্রেক্ষিতে ঈদুল আজহার পরপর শেষ হয় এই সিনেমার নির্মাণ কাজ। তখন থেকে প্রীতম-জেফার জুটির এই সিনেমা নিয়ে দর্শক কৌতূহল দেখা দিয়েছিল।
দর্শকের অনেকে নতুন এই জুটির কাজ নিয়ে আলোচনায় মুখর হওয়ার পাশাপাশি প্রহর গোনা শুরু করেছিলেন সিনেমা মুক্তির। তবে নির্মাতাদের পক্ষ থেকে নিশ্চিত করা যায়নি কবে মুক্তি পাবে ‘তুমি আমি শুধু’। অবশেষে দর্শকের প্রতীক্ষার অবসান ঘটাতে পরিচালক শিহাব শাহীন এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম বিঞ্জ-এর পক্ষ থেকে এলো সিনেমা সেই মুক্তির কাঙ্ক্ষিত ঘোষণা। জানানো হলো, বাংলা নববর্ষ উপলক্ষে বিঞ্জ-এ মুক্তি পাচ্ছে ‘তুমি আমি শুধু’।

ওয়েব সিনেমা মুক্তিতে এত সময় নেওয়ার কারণ জানতে চাইলে পরিচালক শিহাব শাহীন বলেন, ‘আমরা যারা নির্মাণের সঙ্গে জড়িত, তারা কাঙ্ক্ষিত সময়ে ওয়েব সিনেমার কাজটি শেষ করেছি। কিন্তু মুক্তি সঠিক সময় নির্ধারণ করা যায়নি স্ট্রিমিং প্ল্যাটফর্ম বিঞ্জের কারণে। অসিফিয়াল ও টেকনিক্যাল কিছু সমস্যার কারণে তারা সিনেমা মুক্তির তারিখ নিশ্চিত করতে পারেনি। তবে আমার মনে হয় না, ‘তুমি আমি শুধু’ মুক্তি খুব বেশি দেরি হয়েছে; বরং মুক্তির জন্য যে সময়টা বেছে নেওয়া হয়েছে, তা দর্শকের জন্য একটি উৎসবমুখর সময়। নববর্ষের আনন্দ নিয়ে দর্শক সিনেমাটি দেখবেন বলে আশা করছি।’
‘তুমি আমি শুধু’ ওয়েব সিনেমা নিয়ে পরিচালক শিহাব শাহীন আরও বলেন, ‘ভালোবাসা নতুন এক গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে; যার কাহিনিতে লেখা হয়েছিল সমসাময়িক ঘটনাকে কেন্দ্র করে। গল্পের বিষয়বস্তু যেমন আনকোরা তেমনি এতে আছে আধুনিকতার ছোঁয়া। প্রতিটি চরিত্রে পাওয়া যাবে চেনা মুখের ছায়া।
যদিও শুরুতে অনেকে প্রশ্ন করেছেন প্রীতম ও জেফার দুজনেই গানের ভুবনের বাসিন্দা। তাদের জুটি করে সিনেমা নির্মাণের কারণ কী? এর উত্তরে আমার বক্তব্য ছিল, সংগীত তারকা হিসেবে তারা জনপ্রিয়তা পেলেও অভিনয় রপ্ত করে নিতে পেরেছেন। প্রীতম ও জেফার দুজনেই তার প্রমাণ দিয়েছেন আমার ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ‘মাইশেফল অ্যালেন স্বপন-২’-এ অভিনয়ের মাধ্যমে। এটা শুধু আমার একার কথা নয়, দর্শকও এই কথার সঙ্গে একমত হবে বলেই বিশ্বাস করি। প্রীতম যেমন গানের পাশাপাশি ভালো অভিনয় করেন, তেমনি জেফারও তাঁর কাজের বিষয়ে খুব সিনসিয়ার। সে কারণে এই জুটিকে নিয়ে আমি আশাবাদী। ভালো লাগার আরেকটি বিষয় হলো, প্রীতম-জেফার জুটির পাশাপাশি সিনেমার অন্যান্য অভিনয় শিল্পী ও কলাকুশলী সবাই চেষ্টা করেছেন, যার যার জায়গা থেকে তাদের সেরা কাজটি তুলে ধরার। সে কারণে ‘তুমি আমি শুধু’ অনেকের মনে ছাপ ফেলবে বলেই আমাদের বিশ্বাস।’
অভিনেতা প্রীতম হাসানের কথায়, শিহাব শাহীন দেশের আলোচিত নির্মাতাদের একজন। তাঁর গল্প উপস্থাপনের নিজস্ব একটি ভঙ্গি আছে, যা সহজেই দর্শকমনে নাড়া দেয়। তাই এই নির্মাতার সঙ্গে কাজ করতে পারা সব সময় অন্যরকম এক ভালো লাগার। ‘কাছের মানুষ দূরে থুইয়া’র পর তাঁর নির্দেশনায় নতুন গল্প ও চরিত্র পর্দায় তুলে ধরা নিয়ে নিজেও রোমাঞ্চিত। আশা করছি, ‘তুমি আমি শুধু’ সিনেমায় দর্শক নতুন গল্প এবং নতুন জুটির পাশাপাশি নির্মাণ সময়ের ছাপ খুঁজে পাবেন। জেফারের কথায়, ‘তুমি আমি শুধু’ সেই গল্প এবং চরিত্রের সিনেমা, যার জন্য অপেক্ষায় ছিলেন। অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য এটি ছিল কাঙ্ক্ষিত কাজ। তাই চেষ্টা করেছেন অভিনয়ে নিজের সর্বোচ্চটা তুলে ধরার। সব মিলিয়ে এটি তাঁর স্মরণীয় একটি কাজ।
আরআই/এসএন