মেজাজ হারিয়ে দর্শকের গায়ে থুতু মারলেন গায়ক অর্পিত বালা
ছবি: সংগৃহীত
০৫:০৫ পিএম | ৩০ মার্চ, ২০২৬
হায়দরাবাদের একটি লাইভ কনসার্টে ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত ঘটনায় তুমুল বিতর্কে জড়িয়েছেন জনপ্রিয় গায়ক অর্পিত বালা। শনিবার (২৮ মার্চ) শহরের একটি ক্লাব ভেন্যুতে পারফর্ম করছিলেন তিনি। সবকিছু ঠিকঠাকই চলছিল, দর্শকদের উচ্ছ্বাসে জমে উঠেছিল পরিবেশ। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি নাটকীয় মোড় নেয়, যখন দর্শকদের ভিড় থেকে কেউ একজন মঞ্চের দিকে একটি বোতল ছুড়ে দেয়।
এই ঘটনায় সঙ্গে সঙ্গেই গান থামিয়ে দেন অর্পিত বালা এবং ক্ষুব্ধ হয়ে দর্শকদের সতর্ক করেন। শুরুতে তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও, কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা বাড়তে থাকে। ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার পর তিনি রাগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি।

ক্ষোভের বশে তিনি সেই বোতলটি আবার দর্শকের দিকে ছুড়ে দেন এবং ওই ব্যক্তির দিকে থুতু নিক্ষেপ করেন। শুধু তাই নয়, তাকে গালিগালাজ করতেও শোনা যায় এবং নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন অভিযুক্ত দর্শককে অবিলম্বে ভেন্যু থেকে বের করে দিতে।
পুরো ঘটনাটি উপস্থিত দর্শকদের কেউ একজন ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এরপরই শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা। অনেকেই বলছেন, একজন শিল্পীর দিকে বোতল ছোড়া নিঃসন্দেহে অনভিপ্রেত এবং এতে তার ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক।
তবে অন্য একটি বড় অংশের মত, একজন পারফর্মারের কাছ থেকে এমন আচরণ মোটেই কাম্য নয়। বিশেষ করে জনসমক্ষে থুতু নিক্ষেপ এবং অশ্রাব্য ভাষা ব্যবহারকে তারা অপেশাদার এবং নিন্দনীয় বলে মনে করছেন। যদিও এই বিতর্কের মধ্যেও তার মিউজিক ট্যুর থেমে নেই। ২০২৫ সালে ‘বরগদ’ গান দিয়ে আলোচনায় আসা এই শিল্পীর পরবর্তী বড় পারফরম্যান্স হওয়ার কথা রয়েছে আগামী ৯ মে মুম্বাইয়ে। স্টেজ থেকেই তিনি জানিয়েছেন, তার শো-তে দর্শকদের কোনও ধরনের অসভ্যতা সহ্য করা হবে না।
আরআই/এসএন