© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুকুর খননের সময় তাজা মর্টারশেল উদ্ধার

শেয়ার করুন:
পুকুর খননের সময় তাজা মর্টারশেল উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৯ এএম | ৩১ মার্চ, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড় হরণ গ্রামে পুকুর খননের সময় তাজা একটি মর্টারশেল উদ্ধার হয়েছে। রোববার দুপুর ১টার দিকে মাটি কাটার সময় স্থানীয় শ্রমিকরা কোদালের আঘাতে বিপজ্জনক এই গোলাবারুদটির সন্ধান পান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাষাসৈনিক ও ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন আহমেদের গ্রামের বাড়িতে পুকুর খননের কাজ চলছিল। এ সময় মাটির নিচে চাপা পড়ে থাকা একটি তাজা মর্টারশেল দেখতে পান শ্রমিকরা। পরে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি ঘিরে দড়ির বেষ্টনী তৈরি করে এবং এলাকাটি নিরাপত্তার আওতায় নেয়।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত কোনো গোলাবারুদ হতে পারে।

সোমবার দুপুরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা জানিয়েছে, কুমিল্লা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি বোম ডিসপোজাল ইউনিট এসে মর্টারশেলটি নিষ্ক্রিয় করবে।
এদিকে মর্টারশেল উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। তবে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পুলিশ এলাকাটি কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রেখেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এএসআই হাসমত আলী জানান, সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুতই শেলটি নিরাপদে নিষ্ক্রিয় করা হবে।

টিজে/টিএ 

মন্তব্য করুন