‘ছেলের খুশির জন্য কিনে দিয়েছিলাম, সেই বাইকই প্রাণ নিলো’
ছবি: সংগৃহীত
০৪:৩৪ এএম | ৩১ মার্চ, ২০২৬
ঢাকার বাড্ডা সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের পরিচয় শনাক্ত হয়েছে। ওই কিশোরের নাম মো. ফাহিম (১৭)। নিহত ফাহিম উত্তর বাড্ডা বাগানবাড়ি এলাকার বাসিন্দা ও স্থানীয় ভবন মালিক মো. হালিমের ছেলে। সে স্থানীয় সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলো। দুই ভাই ও এক বোনের মধ্যে ফাহিম ছিলো সবার বড়ো।
সোমবার (৩০ মার্চ) বিকেলে ঢাকা মেডিকাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে এসে ফাহিমের নিথর দেহ শনাক্ত করেন তার স্বজনেরা। এসময় সন্তানহারা মায়ের আর্তনাদে উপস্থিত সবার চোখ ভিজে ওঠে; শোকের আতিশয্যে তিনি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন।
এসময় বিলাপ করতে করতে ফাহিমের বাবা বলেন, ছেলের আবদার মেটাতে মাসখানেক আগে শখের নতুন মোটরসাইকেল কিনে দিয়েছিলাম। কিন্তু সেই মোটরসাইকেলই যে সন্তানের প্রাণ কেড়ে নেবে, তা কল্পনাও করিনি।
ফাহিমের বাবা মো. হালিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলে দাবি করেছিলো মোটরসাইকেল কিনে দিতে। আমি প্রথমে চাইছিলাম না, তারপর ছেলের খুশির জন্য মাসখানেক আগে নতুন মোটরসাইকেল কিনে দিই। আর এই মোটরসাইকেলই কাল হলো। আমার ছেলে আর নাই।
পারিবারিক সূত্রে জানা যায়, মাসখানেক আগে কেনা সেই নতুন মোটরসাইকেল নিয়েই দুর্ঘটনায় পড়ে ফাহিম। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এসএস/টিএ