সাবেক এমপির বাসায় কেক কাটার সময় ১৫ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী আটক
ছবি: সংগৃহীত
১০:০০ পিএম | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
বরগুনা-২ আসনের আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের ঢাকার উত্তরার বাসায় কেক কাটার সময় ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে তাদেরকে আটক করে থানা হেফাজেতে নেয় উত্তরা পশ্চিম থানা পুলিশ।
ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) রেজাউল করিম আটকের তথ্যটি নিশ্চিত করে জানান, আটককৃতরা সাবেক পলাতক এমপির উত্তরা ৭ নম্বর সেক্টরের বাসায় নাশকতার পরিকল্পনার জন্য একত্রিত হয়েছিলেন। গোপন তথ্যে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করে সেখানে জড়ো হয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। তাদের পরিকল্পনা টের পেয়ে পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীদের আটক করে থানায় নিয়েছে।
আরআই/টিএ