© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অস্ট্রেলিয়া ও ইউরোপে পাঠানোর নামে জাল ভিসা, কোটি টাকার প্রতারণা

শেয়ার করুন:
অস্ট্রেলিয়া ও ইউরোপে পাঠানোর নামে জাল ভিসা, কোটি টাকার প্রতারণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৭ এএম | ৩১ মার্চ, ২০২৬
অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন উন্নত দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া একটি মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (৩০ মার্চ) রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জাল ভিসা তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ ভুয়া ভিসা জব্দ করেছে র‍্যাব-৪।

র‍্যাব জানায়, এই চক্রটি উন্নত দেশে পাঠানোর নাম করে একেকজন ভুক্তভোগীর কাছ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত দাবি করতো। টাকা নেওয়ার পর তাদের হাতে জাল ভিসা ও প্লেনের টিকিটও ধরিয়ে দেওয়া হতো। প্রকৃতপক্ষে এই পুরো প্রক্রিয়াই ছিলো ভুয়া। নিজেদের তৈরি ডিভাইসের মাধ্যমে তারা জাল ভিসা তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা লুটে নিয়েছে।

এই প্রতারণার শিকার হওয়া কাজি সাব্বির ইসলাম জানান, পরিবারের সচ্ছলতা ফেরাতে পরিচিত এক ব্যক্তির মাধ্যমে এই চক্রের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। তাকে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও ভিসা হাতে পাওয়ার পর তিনি জানতে পারেন সেটি জাল। একইভাবে খাগড়াছড়ির শরনিকা দেওয়ান নামের এক নারীর কাছ থেকেও ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি।

প্রাথমিক তদন্তে র‍্যাব জানতে পেরেছে, ১৩ জন ভুক্তভোগীর কাছ থেকেই চক্রটি এক কোটি ২১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গ্রেপ্তার হওয়া সদস্যদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৪-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই চক্রটির নেটওয়ার্ক সারাদেশেই ছড়িয়ে আছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এসএস/টিএ

মন্তব্য করুন