নড়াইলে ৭ হাজার ৭৫০ লিটার ডিজেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
০৭:৩৩ এএম | ৩১ মার্চ, ২০২৬
নড়াইলের কালিয়া ও লোহাগড়া উপজেলা প্রশাসন আলাদা চারটি এলাকা থেকে মোট ৭ হাজার ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে। এসব ঘটনায় চারজনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এসব অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া থেকে ২৮টি ব্যারেলে মজুত রাখা ৫ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেন কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস। এ সময় তেল বিক্রির লাইসেন্স না থাকায় তিনি যোগানিয়া গ্রামের হানেফ শেখের ছেলে খায়রুলকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলামের নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট এলাকা থেকে অবৈধভাবে মজুত রাখা ৯টি ব্যারেলে থাকা ১ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় মাউলি গ্রামের সাত্তার শেখের ছেলে লিটুকে (৫৫) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি লোহাগড়া উপজেলার বড়দিয়া বাজারের একটি দোকানে ১০০ লিটার ডিজেল মজুত রাখার অপরাধে ৫ হাজার টাকা এবং ছত্রহাজারী বাজারে ২৫০ লিটার ডিজেল মজুত রাখায় আরও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন।
কেএন/এসএন