© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমার স্বপ্ন সত্যি করেছে ‘রাক্ষস’: সাদনিমা বিনতে নোমান

শেয়ার করুন:
আমার স্বপ্ন সত্যি করেছে ‘রাক্ষস’:  সাদনিমা বিনতে নোমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৭ পিএম | ৩১ মার্চ, ২০২৬
ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রেখেই আলোচনায় এসেছেন সাদনিমা বিনতে নোমান। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘রাক্ষস’ ছবিতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। ঈদের দিন থেকেই সহকর্মী ও ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে চলচ্চিত্র ও নিজের স্বপ্ন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

গত বছর থেকে অভিনয় শুরু করার পর থেকেই সাদনিমা একের পর এক সিনেমার প্রস্তাব পাচ্ছিলেন। তবে তিনি প্রথাগত ‘নায়িকা’ চরিত্রে অভিনয়ের চেয়ে গল্পের প্রধান ভিত্তি হিসেবে কাজ করবে এমন চরিত্রের অপেক্ষায় ছিলেন। সাদনিমা বলেন, ‘ঠিক করেছিলাম নায়িকা নয়-এমন কোনো চরিত্র করব যেটাকে ঘিরে ছবির গল্প এগোবে। চরিত্র ছোট হলেও যেন গুরুত্বটা পুরো ছবিতে থাকে।



আমার সেই স্বপ্ন সত্যি করেছে ‘রাক্ষস’। প্রথম যখন ছবিটির প্রস্তাব পাই, গল্প শুনি তখনই রাজি হয়েছি।’ ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয় এর আগে ‘বরবাদ’ ছবি দিয়ে নিজের মুন্সিয়ানা প্রমাণ করেছেন। আর নায়ক হিসেবে ছিলেন সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। সাদনিমার মতে, এমন একটি অভিজ্ঞ ইউনিটের সঙ্গে কাজ করতে পারা তার জন্য বড় সুযোগ ছিল।

সচরাচর সবাই পর্দায় নায়িকা হিসেবেই আসতে চান, কিন্তু সাদনিমা হাঁটলেন ভিন্ন পথে। তার মতে, বাণিজ্যিক সিনেমাগুলোতে নায়িকাদের কেবল নাচ-গান আর রোমান্টিক দৃশ্য ছাড়া করার মতো বিশেষ কিছু থাকে না। তিনি বলেন, প্রথম থেকেই আমি নায়িকা হতে চাইনি, বরং একজন দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে তুলে ধরতে চেয়েছি। ছবির দৈর্ঘ্য ছোট হলেও দর্শক যেন চরিত্রটিকে মনে রাখে, আমি এমন কাজই করতে চাই।

ঈদের পর থেকে একের পর এক ইতিবাচক বার্তায় অভিভূত সাদনিমা। তিনি আগামীতেও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিতে চান। প্রথাগত রোমান্টিক চরিত্রের বাইরে নিজেকে একজন শক্তিশালী পারফর্মার হিসেবে প্রতিষ্ঠিত করাই এখন তার মূল লক্ষ্য।

আরআই/এসএন

মন্তব্য করুন