গাইতে পারছেন না অলকা ইয়াগনিক, ভুগছেন শ্রবণ সমস্যায়
ছবি: সংগৃহীত
০১:৫৮ পিএম | ৩১ মার্চ, ২০২৬
বছর দুয়েক আগেই শোনা গিয়েছিল, বলিউডের প্রখ্যাত গায়িকা অলকা ইয়াগনিক বিরল শ্রবণ সমস্যায় ভুগছেন। কানে কিছুই শুনতে পাচ্ছেন না তিনি। ২০২৪ সালে প্রকাশিত হওয়া এই খবর ভক্তদের অবাক করে দিয়েছিল। কানের সমস্যার কারণে বর্তমানে লাইমলাইট থেকেও দূরে রয়েছেন তিনি। তাই ভক্তদের মনে একটাই প্রশ্ন ফের কবে ‘মেলোডি কুইন’ অলকার কন্ঠে গান শুনতে পারবে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেই শারীরিক অবস্থার কথা জানান অলকা ইয়াগনিক। গায়িকা জানান, তিনি বিরল সেন্সরি নিউরাল নার্ভ হিয়ারিং লস রোগে ভুগছেন। যার কারণে তিনি নতুন কোনো কাজ হাতে নিতে পারছেন না। সুরকাররা মাঝে মাঝে তার সঙ্গে যোগাযোগ করলেও তিনি এই মুহূর্তে কোনো নতুন প্রকল্পে হাত দেবেন না। সেন্সরি নিউরাল নার্ভ হিয়ারিং লসে কানের অভ্যন্তরীণ একটি অংশ যা মস্তিষ্কে শব্দ বহনকারী স্নায়ুর ক্ষতির কারণে সৃষ্ট স্থায়ী শ্রবণশক্তি হ্রাস।

২০২৪ সালে, অলকা ইনস্টাগ্রামে জানান, ‘হঠাৎ ভাইরাস আক্রমণের' কারণে তার শ্রবণ বিপর্যয় ঘটেছে। তিনি বলেন, ‘কয়েক সপ্তাহ আগে, একটি ফ্লাইট থেকে নামার সময় হঠাৎ আমার মনে হল আমি কিছুই শুনতে পাচ্ছি না। পরে চিকিৎসকের কাছে গেলে জানতে পারি আমার বিরল সেন্সরিনিউরাল নার্ভের শ্রবণশক্তি হ্রাস পেয়েছে যা একটি ভাইরাস। এই আকস্মিক অসুস্থতা আমাকে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় ফেলেছে। আমি এখন এটি মেনে নেয়ার চেষ্টা করছি, দয়া করে আমার জন্য প্রার্থনা করবেন।’
অলকা ইয়াগনিক সর্বশেষ ইমতিয়াজ আলির ‘অমর সিং চমকিলা’ ছবিতে কণ্ঠ দিয়েছেন, যা ২০২৪ সালে মুক্তি পায়। এই ছবিতে তিনি এ আর রহমানের সুরে ‘নরম কালজা’ গানটি গেয়েছেন।
প্রায় কয়েক দশক ধরে ভারতীয় সঙ্গীত মহলে রাজত্ব করছেন অলকা ইয়াগনিক। চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ১,০০০-এর বেশি সিনেমায় ২১,০০০-এরও বেশি গান গেয়েছেন। নব্বই দশকের এই গায়িকার গানগুলি আজও পুরোনো থেকে নতুন সকল প্রজন্মের মনে এক বিশেষ জায়গা নিয়ে আছে।
আরআই/এসএন