রান্নার গ্যাস সংকটে বন্ধ সাবা ইব্রাহিমের ‘খুশামদীদ’!
ছবি: সংগৃহীত
০৩:৫৭ পিএম | ৩১ মার্চ, ২০২৬
রান্নার গ্যাসের সংকট আর অন্দরসজ্জার ত্রুটির জোড়া সমস্যায় আপাতত কঠিন সময়ের মুখে পড়েছে অভিনেত্রী দীপিকা -এর শ্বশুরবাড়ির ব্যবসা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে মুম্বাইয়ের মীরা রোডে থাকা তাঁদের খাবারের প্রতিষ্ঠান ‘খুশামদীদ’। এই সিদ্ধান্ত নিয়েছেন দীপিকার ননদ ও নেটমাধ্যমের পরিচিত মুখ সাবা ইব্রাহিম এবং তাঁর স্বামী খালিদ নিয়াজ।
পরিবারের পক্ষ থেকে প্রকাশিত চলমান চিত্রবার্তায় খালিদ জানান, সিদ্ধান্তটি তাঁদের জন্য সহজ ছিল না। তিনি বলেন, প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় গ্যাস সিলিন্ডার নিয়মিত পাওয়া যাচ্ছে না, আর যেগুলো মিলছে, তার সংখ্যাও প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে রান্নাঘরের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। আশপাশের আরও কয়েকটি খাবারের দোকান একই সমস্যায় কয়েক দিন ধরে বন্ধ রয়েছে বলেও তাঁদের দাবি।

তবে শুধু গ্যাসের সংকটই নয়, নতুন করে আরেকটি সমস্যাও সামনে এসেছে। প্রতিষ্ঠানটি সাজানোর সময় কাঠের অংশ আর দেওয়ালের মাঝখানে সামান্য ফাঁকা জায়গা রাখা হয়েছিল। সৌন্দর্যের কথা ভেবে করা সেই নকশাই এখন বিপত্তির কারণ। ওই ফাঁকা অংশে ইঁদুর ঢুকে বাসা বাঁধছে, ফলে স্বাস্থ্যবিধি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
সাবা জানান, নতুন কিছু শুরু করতেগেলে ভুল হওয়া অস্বাভাবিক নয়। তাঁদের অভিজ্ঞতার ঘাটতি ছিল, অন্দরসজ্জার দায়িত্বে যিনি ছিলেন তিনিও নতুন ছিলেন। তাই সাজসজ্জার ক্ষেত্রে কিছু ত্রুটি থেকে গেছে, যা এখন নতুন করে ঠিক করতে হবে।
এই অবস্থায় পুরো জায়গাটি আবার গুছিয়ে তোলার পরিকল্পনা নিয়েছেন তাঁরা। সাবা ও খালিদ বলেন, জায়গাটি তৈরি করতে যথেষ্ট অর্থ ব্যয় হয়েছে, তাই সাময়িক বন্ধ থাকায় আর্থিক ক্ষতিও হবে। তবু নতুনভাবে সব ঠিক করে আবার ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।
প্রতিষ্ঠানের দরজা আপাতত বন্ধ থাকলেও খাবার ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা চালু থাকবে বলে জানিয়েছেন তাঁরা। পরিবারের বিশ্বাস, এই বিরতির পর নতুন রূপে আবারও ফিরে আসবে তাঁদের উদ্যোগ।
দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম-এর পরিবার দীর্ঘদিন ধরেই নেটমাধ্যমে তাঁদের ব্যক্তিগত জীবন ও ব্যবসার নানা দিক ভাগ করে নেয় দর্শকদের সঙ্গে। সেই কারণেই এই সিদ্ধান্তও দ্রুত আলোচনায় উঠে এসেছে।
পিআর/টিএ