হাতিয়ায় হান্নান মাসউদের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের ঝাড়ু মিছিল
ছবি: সংগৃহীত
১০:১৮ পিএম | ৩১ মার্চ, ২০২৬
জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়া উপজেলায় সংসদ সদস্য (এমপি) আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে হাতিয়া উপজেলার ২ নম্বর চানন্দী ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভকারীরা সড়কে মিছিল করেন। এ সময় তারা সংসদ সদস্যের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীদের দাবি, এমপি হান্নান মাসউদ ভুয়া ধর্ষণের ঘটনা সংসদে উপস্থাপন করেছেন। তারা বলেন, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের বক্তব্য অনভিপ্রেত ও দুঃখজনক। সংসদে দেওয়া বক্তব্যে ভুয়া ধর্ষণের প্রসঙ্গ তুলে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার চেষ্টা করা হয়েছে।
বক্তারা আরো বলেন, বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ছোট করার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের আচরণ ভবিষ্যতে পরিহার করতে হবে।
সমাবেশ থেকে আব্দুল হান্নান মাসউদের প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
এসএস/টিএ