মেহেরপুরে অবৈধভাবে মজুত করা ৫৩৭৫ লিটার ডিজেল জব্দ
ছবি: সংগৃহীত
০৭:২১ এএম | ০১ এপ্রিল, ২০২৬
মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমানের নেতৃত্বে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি টিম দক্ষিণ শালিকা গ্রামের পশ্চিম পাড়ায় ফারাবী ট্রেডার্সে এই অভিযান পরিচালনা করে।
এসময় ফারাবী ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সুফিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ভারতীয় সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামের একটি দোকানের গোডাউনে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
এসময় তার গোডাউন থেকে অবৈধভাবে মজুত করা ড্রামভর্তি ২৬ টি ব্যারেলে ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযান পরিচালনার সময় মজুত করা তেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় ফারাবী ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সুফিয়ান।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে মেহেরপুরের বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে জেলা পুলিশ ও প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কেএন/এসএন