সংবিধান সংশোধনে কমিটি গঠন শিঘ্রই: চিফ হুইপ
ছবি: সংগৃহীত
০৩:২৩ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
সংবিধান সংশোধনের লক্ষ্যে শিগগিরই ১৫ থেকে ২০ সদস্যের একটি কমিটি গঠন করা হতে যাচ্ছে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনির। আজ বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
চিফ হুইপ বলেন, সরকার একটি অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে সংবিধান সংশোধন করতে চায়। এই বিশেষ কমিটিতে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে প্রধান বিরোধী দলও এই কমিটিতে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সকলের মতামতের ভিত্তিতে এবং জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ প্রক্রিয়ায় সংবিধান সংশোধনের কাজ সম্পন্ন করার ওপর জোর দেন তিনি।
তবে সরকারি দলের এই উদ্যোগের বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তারা মনে করেন, বিদ্যমান সংবিধানের মৌলিক কাঠামোর বর্তমান অবস্থায় কেবল সংশোধনীর মাধ্যমে বড় কোনো পরিবর্তন সম্ভব নয়; বরং এজন্য প্রয়োজন আমূল সংস্কার। একইসাথে সংবিধান সংশোধনের জন্য এই কমিটির প্রস্তাবের কোনো আইনি ভিত্তি নেই বলেও দাবি করেছেন তারা।
বিরোধী দলের পক্ষ থেকে সংবিধান সংশোধন কমিটির পরিবর্তে একটি পৃথক সংস্কার কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া গতকাল গণমাধ্যমে বিরোধীদলীয় নেতার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।
আইকে/টিএ