শুভস্মিতাকে ঘিরে বিয়ের জল্পনায় মুখ খুললেন সৌরভ
ছবি: সংগৃহীত
০৭:১৪ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
ছোটপর্দায় নতুন জুটি হিসেবে দর্শকের নজর কাড়ছেন সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়। ধারাবাহিক লক্ষ্মীর ঝাঁপিতে তাদের পর্দার রসায়ন যতটা আলোচনায়, তার চেয়েও বেশি কৌতূহল তৈরি হয়েছে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে। দর্শকের একাংশের ধারণা, পর্দার ঘনিষ্ঠতা বাস্তব জীবনেও নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। সেই জল্পনার মধ্যেই বিয়ে প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন সৌরভ।
অভিনয় দিয়ে পথচলা শুরু হলেও গল্প লেখা ও নির্মাণে নিজস্ব পরিচয় গড়ে তুলেছেন সৌরভ। দীর্ঘ সময় পর আবার ধারাবাহিকে ফিরেই তিনি পেয়েছেন দর্শকের সাড়া। বিপরীতে শুভস্মিতার সঙ্গে তার জুটি এখন নিয়মিত আলোচনার বিষয়। সমাজমাধ্যমে এই জুটিকে ঘিরে নানা মন্তব্য, এমনকি অনেকে তাদের বিয়ের দিন-তারিখ পর্যন্ত ঠিক করে ফেলেছেন বলেও হাসতে হাসতে জানান তিনি।

সৌরভের ভাষায়, শুভস্মিতা তার খুব ভালো বন্ধু। কাজের বাইরে তাদের বোঝাপড়াও স্বচ্ছন্দ। শুটিংয়ের ফাঁকে ঝগড়া হয়, তবে সেটিও গঠনমূলক। সেই স্বাভাবিক বন্ধুত্বই হয়তো দর্শকের কাছে অন্য অর্থে ধরা পড়ছে। পর্দায় রোমান্টিক দৃশ্যের গ্রহণযোগ্যতা বাড়ায় বাস্তব সম্পর্ক নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।
একসময় মধুমীতা সরকার-এর সঙ্গে সৌরভের সম্পর্ক এবং দাম্পত্য ছিল আলোচনার কেন্দ্রে। বহু আগেই সেই সম্পর্কের ইতি টেনেছেন তারা। সম্প্রতি মধুমিতা নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করলেও, অতীতের অভিজ্ঞতায় বিয়ে সম্পর্কে আস্থা হারাননি সৌরভ। তার মতে, বিয়ে এখনও মধুর একটি বিষয়।
তবে নতুন করে সংসার শুরু করার পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নে অভিনেতা স্পষ্ট করে বলেন, আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। সামনে এমন সিদ্ধান্ত এলে তিনি তা লুকিয়ে করবেন না, বরং সবার সামনে জানিয়ে করবেন।
তার এই বক্তব্যে সম্পর্কের জল্পনা পুরোপুরি থামেনি, বরং আরও আলোচনার জন্ম দিয়েছে। কারণ দর্শকের চোখে দীপ ও ঝাঁপির পর্দার রসায়ন এখন বাস্তবের গল্পের দিকেও কৌতূহল বাড়িয়ে তুলছে।
পিআর/টিকে