সংহতি জানিয়ে ওমানের সুলতানের উদ্দেশে প্রধানমন্ত্রীর চিঠি
ছবি: সংগৃহীত
০৮:৩০ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানের নেতৃত্ব ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে দেশটির সুলতান হাইথাম বিন তারিককে ব্যক্তিগত চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চিঠিতে ওমানের ওপর সাম্প্রতিক হামলা, প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি যেকোনো প্রয়োজনে ওমান সরকারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
বুধবার (০১ এপ্রিল) ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ বিন হামুদ আল-বুসাইদীর সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর এই চিঠি হস্তান্তর করেন তাঁর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
চিঠিতে প্রধানমন্ত্রী বর্তমান আঞ্চলিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ওমানের নেতৃত্ব, সরকার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেছেন। ওমানে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশির নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে ওমান সরকারের গৃহীত পদক্ষেপ ও অব্যাহত সমর্থনের জন্য প্রধানমন্ত্রী গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা এবং এই অঞ্চলে শান্তি, সংলাপ ও কূটনীতি প্রসারে ওমানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। আলোচনায় বাংলাদেশ ও ওমানের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টিও উঠে আসে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র উপদেষ্টা প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে এই অঞ্চলের দেশগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ ও তাদের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও জোরদার করতে বেশ কয়েকটি উপসাগরীয় দেশ সফর করছেন।
আইকে/টিএ