বন্যপ্রাণীর সুরক্ষায় অভিনেত্রী রূপালির আহ্বান
ছবি: সংগৃহীত
১০:০৭ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় ফের বন্যপ্রাণী সুরক্ষার দাবিতে সরব হয়েছেন। সম্প্রতি জয়পুরে একটি হাতির গায়ে গোলাপি রং করে ফোটোশুট করার ঘটনা ঘটে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ উস্কে দেয়। কিছু দিন পর সেই হাতিটি মারা যায়।
ঘটনার পর রূপালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে আর্জি জানান, বিনোদনের জন্য হাতি বা অন্য বন্যপ্রাণীর ব্যবহার বন্ধ করা হোক। তিনি বলেন, প্রযুক্তির মাধ্যমে এখন ফোটোশুট বা শুটিং সহজেই সম্ভব, তাই কোনও প্রাণীকে কষ্ট দেওয়া উচিত নয়।

জয়পুরে ‘চঞ্চল’ নামে ওই হাতিটির পিঠে মডেল চেপে ফোটোশুট করেন। ছবির চিত্রগ্রাহক জুলিয়া বিউরুলেভা দাবি করেছেন, হাতির গায়ে সম্পূর্ণ ভেষজ রং ব্যবহার করা হয়েছিল, যা প্রাণীর জন্য ক্ষতিকর নয়। তবে পশুপ্রেমীরা এবং রূপালি এই ধরনের ব্যবহারকে অবৈধ ও অনৈতিক বলে মনে করেন।
রূপালি গঙ্গোপাধ্যায় আশা করেন, ভারতের বিভিন্ন পর্যটন ও বিনোদন সংক্রান্ত কার্যক্রমে প্রযুক্তির সাহায্য নিয়ে প্রাণী সুরক্ষার ব্যবস্থা করা হবে, যেমন ইন্দোনেশিয়ায় করা হয়। তাঁর এই প্রতিবাদ সামাজিক মাধ্যমে ব্যাপক সমর্থন পেয়েছে।
পিআর/টিকে