জ্বালানি তেল না পেয়ে মোটরসাইকেল চালকদের মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত
০৮:৫৩ এএম | ০২ এপ্রিল, ২০২৬
ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল না পেয়ে দুই দফায় সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ। এতে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে দীর্ঘসময় যান চলাচল ব্যাহত হয়। ফলে ভোগান্তিতে পড়েন ওই পথের শত শত যাত্রী।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টার পর সদর উপজেলার ভুল্লী এলাকায় প্রথম দফায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ভুল্লীর একটি ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন চালকরা। তবে ডিপো থেকে তেল পৌঁছায় বিকেল ৫টার পর। এরপরও তেল বিক্রি না করার ঘোষণা দিলে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, সকাল থেকে অপেক্ষার পরও তেল না পেয়ে ক্ষুব্ধ চালক ও স্থানীয়রা সড়ক অবরোধে নামেন। প্রায় দুই ঘণ্টা অবরোধের ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তেল বিক্রির সময় নির্ধারিত। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় তারা তেল সরবরাহ বন্ধ রাখেন, যা থেকেই উত্তেজনার সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
এর কিছুক্ষণ পরই ঠাকুরগাঁও শহরের চৌধুরী পাম্পের সামনে আবারও তেলের দাবিতে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। এ সময় মোটর শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে কয়েক দফা হাতাহাতির ঘটনাও ঘটে।
পরবর্তীতে পুলিশ এসে অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ‘বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করেছিল।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। প্রশাসনের নির্দেশনা সবাইকে মানতে হবে। এ ঘটনায় কেউ উসকানি দিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
এমআই/এসএন