ক্যামেরায় ধরা পড়ল অক্ষয় খান্নার নিখুঁত প্রস্তুতি!
ছবি: সংগৃহীত
০৩:৪৬ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
অভিনয়ে বরাবরই নিজস্ব সংযম আর চরিত্রের গভীরে ঢুকে যাওয়ার ক্ষমতার জন্য আলাদা পরিচিত অক্ষয় খান্না। নতুন ছবিতে তাঁর উপস্থিতি মানেই দর্শকের বাড়তি আগ্রহ। সম্প্রতি একদিকে ধুরন্ধরে খলচরিত্রে তাঁর উপস্থিতি নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে ‘মহাকালি’ ছবিতে শুক্রাচার্যের রূপেও তিনি নজর কাড়ছেন। তবে এবার আলোচনার কেন্দ্রে তাঁর অভিনয় নয়, বরং চরিত্রের সাজকে নিখুঁত করে তোলার জন্য তাঁর সূক্ষ্ম মনোযোগ।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছোট ভিডিওতে দেখা গেছে, ছবির শুটিং সেটে নিজের পরচুলার প্রতিটি অংশ নিজে খুঁটিয়ে দেখছেন অক্ষয়। কোথায় চুলের রেখা কতটা স্বাভাবিক দেখাবে, কোন পাশে কাটা অংশ কীভাবে বসবে, সবকিছু নিয়েই কেশসজ্জা শিল্পীকে পরামর্শ দিচ্ছেন তিনি। যেন পর্দায় কোনোভাবেই কৃত্রিমতা ধরা না পড়ে, সে বিষয়ে ছিলেন পুরোপুরি সতর্ক।

ভিডিওতে তাঁকে বারবার বোঝাতে দেখা যায়, চুলের সামনের অংশ ঠিক কীভাবে বসালে তা বাস্তব মনে হবে। শুধু নির্দেশনা দিয়েই থেমে থাকেননি, নিজের চোখে প্রতিটি দিক পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন সবকিছু ঠিক আছে কি না। শুটিংয়ের প্রস্তুতিতে তাঁর এই মনোযোগ অনেকের নজর কেড়েছে।
দীর্ঘদিন ধরেই জানা যায়, বয়সের সঙ্গে চুল পাতলা হয়ে যাওয়ার পর থেকে পর্দায় নিজের উপস্থিতি নিয়ে বিশেষভাবে সচেতন অক্ষয়। সম্প্রতি একটি ছবির কাজও নাকি হাতছাড়া হয়েছে কেবল এই সাজসংক্রান্ত সিদ্ধান্তে অনড় থাকার কারণে। কিন্তু তাতে যে তিনি নিজের অবস্থান বদলাননি, সেটাই নতুন করে স্পষ্ট হলো।
ভিডিও প্রকাশের পর অনেকে তাঁর এই মনোযোগকে পেশাদারিত্বের উদাহরণ হিসেবে দেখছেন। দর্শকদের একাংশের মতে, চরিত্রে বিশ্বাসযোগ্য হয়ে ওঠার জন্য এমন খুঁটিনাটির প্রতি নজরই একজন অভিনেতাকে আলাদা করে তোলে।
পিআর/এসএন