© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোনালি বেন্দ্রে ও তার স্বামীর বিরুদ্ধে মামলা

শেয়ার করুন:
সোনালি বেন্দ্রে ও তার স্বামীর বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৯ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে এবং তার স্বামী চলচ্চিত্র নির্মাতা গোল্ডি বেহলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ তারকা দম্পতির বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, সোনালি ও গোল্ডির বিরুদ্ধে পুনের ভাদগাঁও মাভাল দেওয়ানি আদালতে জমি কেনাবেচা নিয়ে জালিয়াতি ও নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন চন্দ্রকান্ত শিন্ডে নামে স্থানীয় এক চাষি।

চন্দ্রকান্ত শিন্ডের অভিযোগ, পুনের মাভাল এলাকায় ৩০ গুন্থা বা প্রায় ১ একর জমি নিয়ে কারচুপি করেছে অভিনেত্রী ও তার স্বামী। ১৯৫৭ সাল থেকে ওই বিতর্কিত জমির উপর তার পরিবারের অধিকার রয়েছে। অথচ গোল্ডি বেহল অবৈধ ভাবে সেই অধিকার খর্ব করে জমি নিজের নামে করেছেন। জমিতে জোর করে বেআইনি নির্মাণের চেষ্টা করার পাশাপাশি তার পরিবারকে একাধিকবার ভয়ও দেখিয়েছেন।



তবে এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন সোনালি ও গোল্ডি। তাদের দাবি, সরকারি কোনও নথিতে বা ওই জমি কেনাবেচার কাগজে তাদের নাম নেই। তাই এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে মনে করছেন তারকা দম্পতি।

এদিকে তারকা দম্পতির আইনজীবী বলছেন, ওই জমি নিয়ে এর আগে তহসিলদার এবং মহকুমা শাসকের কাছে একাধিকবার আবেদন করেছিলেন চন্দ্রকান্ত শিন্ডে। কিন্তু প্রতিবারই আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছেন।

জমি সংক্রান্ত মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। জমিটি আসলে কার এবং কেনাবেচায় কোনও কারচুপি হয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। আগামী ২০ এপ্রিল এই মামলার শুনানির দিন ধার্য করেছে আদালত।

এসএন 

মন্তব্য করুন