শাকিবের স্পর্শে অস্বস্তিতে জ্যোতির্ময়ী!
ছবি: সংগৃহীত
০৩:৫৮ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
ঈদের সময় মুক্তি পাওয়া ‘প্রিন্স’ছবিকে ঘিরে শুরু থেকেই প্রত্যাশা ছিল বেশ বড়। শাকিব খানের নতুন ছবি বলে দর্শকের আগ্রহও কম ছিল না। তবে মুক্তির পর ছবিটি কাঙ্ক্ষিত সাড়া তুলতে পারেনি। প্রযুক্তিগত দুর্বলতা, নির্মাণগত ত্রুটি এবং গল্প বলার সীমাবদ্ধতা নিয়ে সমালোচনা বাড়তে থাকে। অবশেষে বিশেষ প্রদর্শনীর এক অনুষ্ঠানে নিজেই সেই ব্যর্থতার দায় স্বীকার করলেন শাকিব খান।
ঢাকার উত্তরা এলাকার একটি প্রেক্ষাগৃহে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে ছবির নির্মাতা ও শিল্পীরা উপস্থিত ছিলেন। সেখানে শাকিব বলেন, গল্প শোনার সময় তাঁর মনে হয়েছিল এটি জীবনের অন্যতম বড় কাজ হতে পারে, কিন্তু সময়ের সীমাবদ্ধতায় প্রত্যাশা পূরণ হয়নি। তিনি ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার কথাও জানান।

কিন্তু ওই বক্তব্যের পাশাপাশি অনুষ্ঠানের আরেকটি দৃশ্য সামাজিক মাধ্যমে বেশি আলোচনায় উঠে আসে। মঞ্চে শাকিবের দুই পাশে দাঁড়িয়েছিলেন ছবির দুই অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণ। সেই সময় ক্যামেরায় ধরা পড়ে, বারবার জ্যোতির্ময়ীর কোমরে হাত রাখছেন শাকিব। কয়েকবার অভিনেত্রী নিজে সরে যাওয়ার চেষ্টা করলেও দৃশ্যটি দর্শকের চোখ এড়ায়নি।
পরিস্থিতি আরও আলোচনায় আসে যখন দেখা যায়, বসার সময়ও দুই পাশে থাকা দুই অভিনেত্রীর সঙ্গে শারীরিক দূরত্ব বজায় থাকছে না। তাসনিয়া ফারিণের হাত ও বাহুতেও কয়েকবার স্পর্শ করতে দেখা যায় শাকিবকে। এক পর্যায়ে ফারিণকে নিজের কাঁধ থেকে তাঁর হাত সরিয়ে দিতে দেখা যায়।
ঘটনার পর জ্যোতির্ময়ীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি প্রকাশ্যে কিছু বলতে চাননি। তবে অনুষ্ঠানে উপস্থিত ঘনিষ্ঠ সূত্রের দাবি, তিনি ব্যক্তিগতভাবে অস্বস্তির কথা জানিয়েছেন।
ছবির ব্যর্থতা স্বীকারের দিনেই এমন আচরণ নিয়ে নতুন প্রশ্ন উঠেছে শাকিব খানকে ঘিরে। পর্দার বাইরের এই মুহূর্ত এখন ছবির আলোচনাকেও ছাপিয়ে যাচ্ছে।
পিআর/টিকে