মদ্যপানের ইঙ্গিত, সালমানকে নিয়ে মুখ খুললেন নির্মাতা বিবেক ভাসওয়ানি!
ছবি: সংগৃহীত
০৪:১৪ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
বলিউডে আজ তিনি তারকাখ্যাতির শীর্ষে, কিন্তু ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে সালমান খানকে ঘিরে নানা অভিযোগই ছিল বেশি আলোচনায়। সময়ের সঙ্গে তাঁর জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি পুরনো অভিজ্ঞতা নিয়েও মাঝেমধ্যে মুখ খুলছেন নির্মাতারা। এবার বহু বছর আগের একটি শুটিংয়ের স্মৃতি টেনে আনলেন নির্মাতা বিবেক ভাসওয়ানি।
‘পাথর কি ফুল’ ছবিতে প্রথমবার বড় পর্দায় অভিনয় করেছিলেন রাভিনা ট্যান্ডন। সেই ছবিতেই তাঁর বিপরীতে ছিলেন সালমান খান। ছবিটি মুক্তির পর প্রশংসা কুড়িয়েছিল, কিন্তু এরপর আর সালমানের সঙ্গে কাজ করেননি বিবেক ভাসওয়ানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি শুটিং সেটের কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
তাঁর বক্তব্য, কাজের জায়গায় শৃঙ্খলা ভঙ্গ তিনি কখনও মেনে নিতে পারেন না। শুটিং চলাকালে নিয়ম মানা, নির্ধারিত সময়ে উপস্থিত থাকা এবং পেশাদার পরিবেশ বজায় রাখা এসব বিষয়ে তিনি সবসময় কঠোর। এই প্রসঙ্গেই তিনি ইঙ্গিত দেন, এমন পরিবেশে কাজ করা কঠিন হয়ে পড়ে যখন শুটিংয়ের মধ্যেই অনিয়ম দেখা যায়।
মদ্যপানের প্রসঙ্গ উঠতেই নির্মাতা বলেন, কাজের জায়গায় এমন পরিস্থিতি তিনি সমর্থন করেন না যেখানে একদিকে কাজ চলছে, অন্যদিকে মদ্যপানের পরিবেশ তৈরি হয়। যদিও সরাসরি সালমানের নাম নিয়ে অভিযোগ করেননি, তবু তাঁর বক্তব্যে ইঙ্গিত স্পষ্ট ছিল বলেই মনে করছেন অনেকে।

শুধু তা-ই নয়, সময়মতো শুটিংয়ে উপস্থিত না হওয়াকেও বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্যে, সকাল থেকে কাজ শুরু হওয়ার কথা থাকলেও বিকেলে এসে শুটিং করা পেশাদারিত্বের মধ্যে পড়ে না।
তবে একই সঙ্গে তিনি এটাও স্বীকার করেন, বড় নির্মাতাদের সঙ্গে কাজের সময় সালমানের আচরণ একেবারে ভিন্ন। সঞ্জয় লীলা বানসালি কিংবা সুরজ বড়জাত্যার ছবিতে তাঁকে অনেক বেশি নিয়মমাফিক ও মনোযোগী দেখা যায় বলে মন্তব্য করেন তিনি।
বিবেকের মতে, বড় নির্মাতারা তারকা সালমানকে নয়, অভিনেতা সালমানকে কাজে লাগাতে জানেন। সেই কারণেই তাঁদের ছবিতে তাঁর আলাদা পেশাদার রূপ দেখা যায়।
আরও একটি গুরুত্বপূর্ণ তথ্যও সামনে আনেন তিনি। তাঁর দাবি, অনেক সময় সালমান চিত্রনাট্যে পরিবর্তনের পরামর্শ দেন। তবে এই ছবিতে তা হয়নি, কারণ চিত্রনাট্য লিখেছিলেন তাঁর বাবা সেলিম খান।
পুরনো সম্পর্কের কথা বলতে গিয়ে খান পরিবারের আতিথেয়তারও প্রশংসা করেন বিবেক। জানান, চিত্রনাট্য নিয়ে আলোচনা করতে তিনি প্রায়ই তাঁদের বাড়িতে যেতেন, আর সেই সময়ের পারিবারিক উষ্ণতা এখনও তাঁর মনে রয়ে গেছে।
পিআর/টিকে