© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধর্মীয় রীতি মেনে শেষকৃত্য! মায়ের মৃত্যু নিয়ে কী জবাব দিলেন প্রকাশ রাজ?

শেয়ার করুন:
ধর্মীয় রীতি মেনে শেষকৃত্য! মায়ের মৃত্যু নিয়ে কী জবাব দিলেন প্রকাশ রাজ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৪ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
নিজেকে বহুবার প্রকাশ্যে নাস্তিক বলে পরিচয় দিয়েছেন প্রকাশ রাজ। ধর্ম, ঈশ্বর এবং সামাজিক বিশ্বাস নিয়ে তাঁর স্পষ্ট অবস্থান বরাবরই আলোচনায় থেকেছে। কিন্তু মায়ের মৃত্যু ঘিরে সাম্প্রতিক এক ঘটনায় তাঁকে নতুন করে ব্যাখ্যা দিতে হলো নিজের অবস্থান।

গত ২৯ মার্চ মাকে হারান এই অভিনেতা। পরিবারের পক্ষ থেকে ধর্মীয় রীতিতেই শেষ বিদায়ের আয়োজন করা হয়। খ্রিস্টান প্রথা মেনে গির্জায় সম্পন্ন হয় শেষকৃত্য। শোকের সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় প্রশ্ন।



অনেকেই জানতে চান, নিজেকে নাস্তিক বলা একজন মানুষ কেন ধর্মীয় নিয়ম মেনে শেষকৃত্যে অংশ নিলেন। সমালোচনার মুখে সামাজিক মাধ্যমে সরাসরি জবাব দেন প্রকাশ রাজ।

তিনি জানান, তিনি ব্যক্তিগতভাবে ঈশ্বরে বিশ্বাস না করলেও তাঁর মা বিশ্বাস করতেন। সেই বিশ্বাসকে অস্বীকার করার কোনো কারণ তিনি দেখেন না। তাঁর কথায়, একজন মানুষের নিজের বিশ্বাস অনুযায়ী বিদায় পাওয়ার অধিকার রয়েছে, আর সেই সম্মানটুকু দেওয়া পরিবারের দায়িত্ব।

এই বক্তব্যের পর সামাজিক মাধ্যমে তাঁর সমর্থনে বহু প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে মনে করেন, ব্যক্তিগত মতাদর্শের বাইরে গিয়ে মায়ের বিশ্বাসকে মর্যাদা দেওয়াই মানবিকতার পরিচয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রকাশ রাজের মা। শারীরিক জটিলতার পাশাপাশি তাঁর মাথায় অস্ত্রোপচারও হয়েছিল। শেষ দিকে স্মৃতিশক্তি অনেকটাই দুর্বল হয়ে যায়, এমনকি পরিবারের সদস্যদের চিনতেও অসুবিধা হচ্ছিল বলে আগেই জানিয়েছিলেন অভিনেতা।

শোকের মধ্যেও নিজের অবস্থান স্পষ্ট করে প্রকাশ রাজ জানিয়ে দিলেন, বিশ্বাস ভিন্ন হলেও প্রিয়জনের ইচ্ছাকে সম্মান জানানোই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।


পিআর/টিকে

মন্তব্য করুন