© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্যামেরা দেখলেই কেন মেজাজ হারান জয়া বচ্চন?

শেয়ার করুন:
ক্যামেরা দেখলেই কেন মেজাজ হারান জয়া বচ্চন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৪ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
ক্যামেরা সামনে এলেই জয়া বচ্চনের বিরক্ত প্রতিক্রিয়া বহুবার সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কখনও ছবি তুলতে বাধা, কখনও কড়া মন্তব্য এসব কারণে অনেকের চোখে তিনি কঠোর স্বভাবের মানুষ হিসেবেই পরিচিত। তবে তাঁর সঙ্গে কাজ করা পরিচালক বিবেক ভাসওয়ানি বলছেন, পর্দার বাইরের জয়া একেবারেই অন্য মানুষ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক জানান, জয়ার আচরণকে বাইরে থেকে যেমন মনে হয়, বাস্তবে তা পুরোপুরি তেমন নয়। তাঁর দাবি, অনেক সময় আলোকচিত্রীদের আচরণই অভিনেত্রীকে উত্তেজিত করে তোলে। ইচ্ছাকৃতভাবে এমন কিছু পরিস্থিতি তৈরি করা হয়, যাতে তিনি প্রতিক্রিয়া দেখান, আর সেই মুহূর্তই খবর হয়ে ছড়িয়ে পড়ে।



বিবেকের ভাষ্যে, জয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতায় তিনি সব সময় একজন আন্তরিক, সহজ-সরল এবং ভদ্র মানুষকেই পেয়েছেন। ব্যক্তিগত আলাপে তিনি নরম স্বভাবের, সহজে কথা বলেন এবং ঘনিষ্ঠদের সঙ্গে খুব স্বাভাবিক থাকেন। দীর্ঘ অভিনয়জীবনে তিনি বহু বড় তারকার সঙ্গে কাজ করেছেন এবং নিজের অবস্থান তৈরি করেছেন ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে।

পরিচালকের মতে, কয়েকবার প্রকাশ্যে জয়া সত্যিই বিরক্ত হয়েছিলেন। আর সেই অভিজ্ঞতার পর থেকেই আলোকচিত্রীদের একটি অংশ বুঝে গেছে, কোন পরিস্থিতিতে তিনি প্রতিক্রিয়া দেখাতে পারেন। ফলে অনেক সময় বিষয়টি যেন এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে কেউ তাঁকে উসকে দেন, আর তিনি বিরক্ত হন।

শুধু ক্যামেরার সামনে নয়, রাজনৈতিক অঙ্গনেও জয়ার সরব উপস্থিতি বহুবার নজর কেড়েছে। লোক সভাতেও নানা বিষয়ে তাঁর কড়া বক্তব্য আলোচনায় এসেছে। বিবেকের মতে, তিনি যেসব বিষয়ে কথা বলেন, সেগুলোর পেছনে যুক্তি থাকে, তবে বলার ধরনে এক ধরনের কঠোরতা আছে, যা অনেকের কাছে শিক্ষকসুলভ মনে হতে পারে।

বলিউডে বহু দশক কাটানো জয়ার ব্যক্তিত্ব নিয়ে বিতর্ক নতুন নয়। কিন্তু তাঁর ঘনিষ্ঠদের বক্তব্য বলছে, ক্যামেরার সামনে যে কঠোর মুখ দেখা যায়, ব্যক্তিগত পরিসরে তার অনেকটাই ভিন্ন।

পিআর/টিকে

মন্তব্য করুন