© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জমি জালিয়াতির অভিযোগ, আইনি বিপাকে সোনালি বেন্দ্রে

শেয়ার করুন:
জমি জালিয়াতির অভিযোগ, আইনি বিপাকে সোনালি বেন্দ্রে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২১ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
জমি নিয়ে নতুন করে আইনি ঝামেলায় পড়েছেন বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে এবং তাঁর স্বামী গোল্ডি বহেল। মহারাষ্ট্রের পুনে জেলার মাভাল এলাকায় প্রায় ১.২ বিঘা জমি নিয়ে স্থানীয় চাষি চন্দ্রকান্ত শিন্দে তাঁদের বিরুদ্ধে জালিয়াতি ও নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।

অভিযোগ অনুযায়ী, ১৯৫৭ সাল থেকে ওই জমির ওপর চাষির পরিবারের অধিকার রয়েছে। অভিযোগে বলা হয়েছে, গোল্ডি বহেল সেই অধিকার অগ্রাহ্য করে জমি নিজের নামে করার চেষ্টা করেছেন এবং সেখানে জোরপূর্বক বেআইনি নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে। চাষির পরিবারকে ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ আছে। পুলিশে অভিযোগ করার পরও কোনও ফল না হওয়ায় চূড়ান্তভাবে আদালতের দ্বারস্থ হয়েছেন ওই কৃষক।



অভিযোগে সোনালি বেন্দ্র ও গোল্ডি ছাড়াও আরও দু’জনের নাম রয়েছে। বর্তমানে মামলাটি ভাদগাঁও মাভাল দেওয়ানি আদালতে বিচারাধীন। প্রশাসন যাচাই করছে, জমির প্রকৃত মালিক কারা এবং কিনাকাটা প্রক্রিয়ায় কোনো কারচুপি হয়েছে কি না। আদালত এই মামলার শুনানির জন্য ২০ এপ্রিল তারিখ নির্ধারণ করেছে। দুই পক্ষের যুক্তি শোনার পরই আদালত রায় প্রদান করবেন।

অন্যদিকে, সোনালি বেন্দ্রে এবং তাঁর আইনজীবী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। অভিনেত্রীর দাবি, সরকারি নথিতে বা জমি কেনার কাগজপত্রে তাঁর নাম নেই। তাঁর আইনজীবী জানিয়েছেন, অভিযোগকারী চাষি ইতিপূর্বে তহসিলদার ও মহকুমা শাসকের কাছে একাধিক আবেদন করলেও আদালত তা প্রত্যাখ্যান করেছে।

বিনোদন মহলে এই অভিযোগ এবং আইনি প্রক্রিয়া যথেষ্ট আলোচিত বিষয় হয়ে উঠেছে। মামলার রায় কেমন হবে, সেটি এখন দর্শক ও সংশ্লিষ্ট মহলের নজর কেড়েছে।


পিআর/টিকে

মন্তব্য করুন