চট্টগ্রামে ৫ অবৈধ ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
১২:০৭ এএম | ০৩ এপ্রিল, ২০২৬
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অবৈধভাবে পরিচালিত পাঁচটি ইটভাটাকে মোট ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং সংশোধিত ২০১৯ আইনের লঙ্ঘনের দায়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনব্যাপী অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম। অভিযানকালে সংশ্লিষ্ট ইটভাটাগুলোর মালিকরা পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র দেখাতে পারেননি।
এছাড়া অনুমোদনহীন স্থাপনা, কৃষিজমি থেকে মাটি কাটা এবং পরিবেশের জন্য হুমকিস্বরূপ বিভিন্ন কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিটি ইটভাটাকে ৪ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানা করা ইটভাটাগুলো হলো-পূর্ব লট এলাহাবাদ এলাকার মেসার্স চৌধুরী ব্রিকস (MAA), মেসার্স ন্যাশনাল ব্রিকস (NBM), মেসার্স শাহ আমানত ব্রিকস (MSB), মেসার্স পটিয়া ব্রিকস (PBM) এবং মেসার্স জোহাদিয়া ব্রিকস (HBL)। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরআই/টিকে