© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্যাসিস্ট পুনর্বাসনের মন্তব্যের জেরে হল প্রভোস্টকে অপসারণের দাবি জাকসু নেতাদের

শেয়ার করুন:
ফ্যাসিস্ট পুনর্বাসনের মন্তব্যের জেরে হল প্রভোস্টকে অপসারণের দাবি জাকসু নেতাদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৯ এএম | ০৩ এপ্রিল, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে মন্তব্য ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্ট রেজওয়ানা করিম স্নিগ্ধাকে অপসারণের দাবি জানিয়েছে জাকসু নেতারা। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সমাজসেবা সম্পাদক আহসান লাবিব বলেন, জাকসুর চতুর্থ এক্সিকিউটিভ মিটিংয়ে সুফিয়া কামাল হলের প্রভোস্ট পদ থেকে তার অপসারণের দাবি জানানো হয়েছে।

জাকসু নেতাদের অভিযোগ, রেজওয়ানা করিম স্নিগ্ধা বিভিন্ন মিডিয়ায় আওয়ামী লীগের পক্ষে প্রত্যক্ষভাবে বয়ান উৎপাদন এবং দলটির এজেন্ডা বাস্তবায়ন করছেন। এ ছাড়া তিনি হলের প্রভোস্ট হওয়া সত্ত্বেও ক্যাম্পাসে অবস্থান করেন না এবং শিক্ষার্থীদের কোনো সহযোগিতা করেন না বলে হলের সাধারণ শিক্ষার্থীরা তার প্রতি অসন্তুষ্ট।

এর আগে, গত ১১ মার্চ একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে আওয়ামী লীগ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেন রেজওয়ানা করিম স্নিগ্ধা। সেখানে তিনি বলেন, “দেশের প্রয়োজনে আওয়ামী লীগকে ফিরতেই হবে।” তার এই মন্তব্যকে ‘ফ্যাসিস্ট পুনর্বাসনের প্রচেষ্টা’ হিসেবে দেখছেন জাকসু প্রতিনিধিরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জানান, জাকসুর পক্ষ থেকে বিষয়টি তাকে জানানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এসকে/এসএন

মন্তব্য করুন