তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
১০:৪৮ পিএম | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন— এই তিন বছরে দেশের তৈরি পোশাক খাতে ৪০০-এর বেশি কারখানা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সদস্যভুক্ত ২৮২টি এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সদস্যভুক্ত ১২০টি কারখানা রয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।
বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহের কার্যক্রম এখনও চলমান থাকায় সংসদে কারখানাগুলোর নামের তালিকা তাৎক্ষণিকভাবে দেওয়া সম্ভব হয়নি বলে উল্লেখ করেন তিনি।
এসব তৈরি পোশাক কারখানা বন্ধের পেছনে একাধিক বৈশ্বিক ও অভ্যন্তরীণ কারণ দায়ী বলে জানান বাণিজ্যমন্ত্রী। যার মধ্যে রয়েছে কোভিড-১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ; যা আন্তর্জাতিক তৈরি পোশাক ব্যবসায় বেশ চাপ সৃষ্টি করেছে।
আর অভ্যন্তরীণ কারণ হিসেবে দেশের রাজনৈতিক অস্থিরতা, অর্থপাচারের কারণে ব্যাংকিং খাতে তারল্য সংকট এবং ইউরোপের বাজারে ভারত ও ভিয়েতনামের মুক্ত বাণিজ্য সুবিধার ফলে তীব্র প্রতিযোগিতার কথা উল্লেখ করেন মন্ত্রী।
এছাড়া, বিদেশি ক্রেতারা নিজেদের মনিটরিং সুবিধার জন্য বড় কারখানাগুলোকে প্রাধান্য দেওয়ায় ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলো রফতানি আদেশের সংকটে পড়ে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান খন্দকার আব্দুল মুক্তাদির।
এমআই/টিএ