ভূমি ব্যবস্থাপনায় কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৯:১৯ এএম | ০৩ এপ্রিল, ২০২৬
ভূমি ব্যবস্থাপনায় কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে রাজধানীর কাটাবনে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (এলএটিসি) অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য আয়োজিত উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্সের সমাপনী ও সনদ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. মাহমুদ হাসান। স্বাগত বক্তব্য দেন কোর্স পরিচালক খান এ. সবুর খান।
উল্লেখ্য, পাঁচ দিন মেয়াদি ১৪তম ও ১৮তম উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্সে মোট ৩৮ জন অতিরিক্ত জেলা প্রশাসক এবং ৩৬ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠান শেষে কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন প্রতিমন্ত্রী।
দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে ভূমি প্রতিমন্ত্রী বলেন, সব ধরনের কাজ দ্রুত নিষ্পত্তি করতে হবে। কাজের ক্ষেত্রে কোনোভাবেই দীর্ঘসূত্রতা করা যাবে না। শুধুমাত্র রুটিনমাফিক কাজ না করে ভূমিসেবাকে কীভাবে আরও সহজ ও ব্যবহারকারীবান্ধব করা যায়, সে বিষয়ে গবেষণার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ে একটি অত্যাধুনিক একাডেমি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও জানান তিনি।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, আইনি কাজে কোনো নেতিবাচক আপস করা যাবে না। আইনের বাইরে যাওয়ার এখতিয়ার কারও নেই। এ সময় কর্মকর্তাদের কাজের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে আইনি সুরক্ষা বা লিগ্যাল প্রটেকশন দেয়ার কথা বলেন তিনি। বহিরাগত অনলাইন অপারেটরদের বিষয়ে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন মীর হেলাল।
বাইরের ফটোকপির দোকানে ল্যাপটপ নিয়ে যত্রতত্র অনলাইন ভূমিসেবা প্রদানকারীদের নিরুৎসাহিত করার আহ্বান জানিয়ে ভূমি প্রতিমন্ত্রী বলেন, এসব জটিল কাজ পাসওয়ার্ড ও আইডিধারী নির্দিষ্ট প্রশিক্ষিত ব্যক্তিদের মাধ্যমে সম্পন্ন করতে হবে। ভূমি ব্যবস্থাপনা এখন অনেক বেশি অটোমেটেড ও ডিজিটালাইজড। এই বার্তাটি গ্রামগঞ্জে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যাতে তারা প্রতারণার শিকার না হন। ভূমির কাজ যে আগের চেয়ে সহজ হয়েছে, এই ধারণা মানুষের মধ্যে তৈরি করতে হবে।
কেএন/এসএন