নকল করায় ভিক্টোরিয়া কলেজের ২৫ পরীক্ষার্থীর মাস্টার্স পরীক্ষা বাতিল
ছবি: সংগৃহীত
১২:০৭ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষায় নকল করার অভিযোগে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ২৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
শুক্রবার (৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত বুধবার (১ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির এক সভায় বিভিন্ন কলেজ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, পর্যবেক্ষক ও পরীক্ষকদের উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, অধিকাংশ শিক্ষার্থীর বিরুদ্ধে ‘ঘ’ ধারায় শাস্তি আরোপ করা হয়েছে, যার ফলে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া কয়েকজন শিক্ষার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী এক বছর পরীক্ষায় অংশগ্রহণের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এ বিষয়ে শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অসদুপায় অবলম্বনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএন