© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নজরকাড়া ফিটনেসের রহস্য জানালেন অভিনেত্রী সামান্থা

শেয়ার করুন:
নজরকাড়া ফিটনেসের রহস্য জানালেন অভিনেত্রী সামান্থা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪০ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
নায়িকাদের শরীরচর্চা ও রূপচর্চা নতুন কোনো ঘটনা নয়; এমনটা দস্তুর। কিন্তু নিজের যত্ন নেওয়া খুব সহজ নয়। অনেকে নিয়ম মেনেও সফল হন না। কিন্তু দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এ বিষয়ে অনেকটাই এগিয়ে। কীভাবে ফিট থাকেন, শরীরর চাঙা রাখেন, দিনের শুরুটা কীভাবে করেন, প্রতিদিনের রুটিনওয়ার্ক; সেই সম্পর্কে তার ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন। তিনি যে ফিট থাকতে যথেষ্ট পরিশ্রম করেন, তা অভিনেত্রীকে দেখলেই বোঝা যায়। জিমে কিংবা বাড়িতে- নিয়ম করেই শরীরচর্চা করেন সামান্থা রুথ প্রভু। 

অভিনেত্রী কিছু সহজ ও সুস্পষ্ট কাজের কথা বলেছেন, যা তাকে সাহায্য করে সারা দিন চাঙা থাকতে। ২১ দিন ধরে এসব করে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, এসব কাজ স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং প্রদাহ কমাতেও সাহায্য করে।

তবে তার এই মেদহীন চেহারার নেপথ্যে একমাত্র শরীরচর্চার অভ্যাস লুকিয়ে নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা রুথ প্রভু নিজেই জানিয়েছেন, তার কাছে ডায়েট আর শরীরচর্চা- দুটোই সমান।



অভিনেত্রী বলেন, সকালে উঠে আপনি কী করছেন তার ওপরেই নির্ভর করে দিনটি কেমন যাবে। সারা দিন আপনি চাঙা থাকবেন, নাকি ঝিমিয়ে পড়বেন। তিনি বলেন, ধরুন, আপনি সব কিছু ঠিকঠাক করছেন, তবু পেটের মেদ কমছে না।  ত্বকের সমস্যা বাড়ছে, ঘুম থেকে ওঠার পর শরীর ফোলা ফোলা লাগছে, তাহলে হয়তো আপনার সকালের রুটিনটি বদলানোর সময় এসেছে। 

সামান্থা রুথ প্রভু বলেন, ঘুম থেকে ওঠার পর স্ট্রেস হরমোনের মাত্রা স্বাভাবিকভাবেই বেশি থাকে। যদিও এটি স্বাভাবিক, কিন্তু এরপর আপনি কী করছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময় যদি ফোন, খবর, কাজ এবং ইমেলের দিকে হাত বাড়ান, তাহলে আপনার মানসিক চাপ দ্বিগুণ হয়ে যেতে পারে।

তিনি বলেন, সকালে উঠেই ফোনে হাত দেবেন না। কারণ বেলা ১১টার আগে শরীরচর্চা সেরে নিতে হবে। অন্তত পাঁচ মিনিট গভীরভাবে শ্বাস নিন। মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য এ অভ্যাস ভীষণ জরুরি। সেই সঙ্গে রোদে অন্তত ১০ মিনিট হাঁটাহাঁটি করুন।

অভিনেত্রী বলেন, এবার সামান্য গরম পানিতে লেবু, হলুদ, অ্যাপেল সাইডার ভিনিগার, কিয়েন পেপার (যদি চান) এবং সামান্য ভার্জিন অলিভ অয়েল মিশিয়ে একটি ডিটক্স পানীয় খেয়ে নিন।  সেই সঙ্গে এমন সুষম প্রাতঃরাশ করুন, যা রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে। এমন খাবার দিয়ে দিন শুরু করলে দিনের বাকি সময়টায় মিষ্টিজাতীয় খাবারের প্রতি ঝোঁক বাড়বে না। প্রাতঃরাশের পর চা কিংবা কফি খান। সারা দিনের কাজের তালিকা আগে থেকে তৈরি রাখুন। তাহলে সারা দিন অত্যধিক চাপ পড়বে না।

কেএন/এসএন

মন্তব্য করুন