ছেলেকে নিয়ে ফ্রেমবন্দী সোনম কাপুর
ছবি: সংগৃহীত
০২:৪৫ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
সাধারণত বলিউড অভিনেত্রীরা সন্তান জন্মের পর ক্যামেরার সামনে আসতে বেশ কিছুটা সময় নেন। ক্যাটরিনা কাইফ কিংবা আলিয়া ভাটের ক্ষেত্রেও তেমনটাই দেখা গিয়েছিল। বড় ছেলে বায়ুর জন্মের সময় সোনম কাপুরও নিজেও বেশ সতর্ক ছিলেন। তবে দ্বিতীয় সন্তানের বেলায় তিনি একেবারেই ব্যতিক্রম।
কোনো রাখঢাক না করেই মা হওয়ার ঠিক পরের মুহূর্তের সেই অকৃত্রিম অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন সোনম কাপুর।
তবে শরীরের এই ক্লান্তি ছাপিয়ে তার মুখে এখন প্রশান্তির ঝিলিক। তার বুকের ওপর পরম শান্তিতে ঘুমিয়ে আছে একরত্তি। দ্বিতীয়বার মা হওয়ার পর এভাবেই প্রথমবার ক্যামেরায় ধরা দিলেন তিনি।

মা ও ছেলের এই বিরল মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন সোনমের স্বামী আনন্দ অহুজা। শুধু ছবি শেয়ার করাই নয়, হাসপাতাল কর্তৃপক্ষের সঠিক পরিষেবা ও আন্তরিকতার জন্য তাদের বিশেষ ধন্যবাদও জানিয়েছেন এই তারকা দম্পতি।
সোনম-আনন্দের বড় ছেলে বায়ুর নানা ছবি মাঝেমধ্যেই সামনে এলেও তার মুখ এখনো প্রকাশ্যে আনেননি তারা। তবে ছোট ছেলের আগমনে পরিবারে বইছে খুশির জোয়ার।
এর আগে গত ২৯ মার্চ রাতে দ্বিতীয় সন্তান আগমনের খবরটি আনুষ্ঠানিকভাবে জানান সোনম ও আনন্দ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ লেখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্রসন্তান হয়েছে। ছোট ভাইকে পেয়ে বায়ু এখন ভীষণ খুশি। সে এখন বড় ভাই হওয়ার দায়িত্ব পেয়েছে। সোনম এবং নবজাতক দুজনেই বর্তমানে সুস্থ আছেন।’
এসএন