গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তে তাসনিম জারার ক্ষোভ
ছবি: সংগৃহীত
০২:৫৮ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, সরকার গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করতে চাইছে। কারণ, সরকারের যুক্তি হচ্ছে- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে হলে বা কাউকে গ্রেফতার করতে হলে তাদের পূর্বানুমতি লাগবে। এমনটি হলে তদন্ত বিঘ্নিত হবে বলে মনে করেন তিনি।
শুক্রবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তাসনিম জারা এমন মন্তব্য করেন।
পোস্টে তাসনিম জারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব হলো নাগরিকদের সুরক্ষা দেওয়া। কিন্তু যখন বলা হয় যে, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে কিংবা কাউকে গ্রেফতার করতে সরকারের পূর্বানুমতি লাগবে, তখন রাষ্ট্র মূলত নিজেকেই জবাবদিহির ঊর্ধ্বে স্থাপন করে।

ঢাকা-৯ আসন থেকে ভোটে অংশ নেওয়া এ নেত্রীর অভিযোগ, সরকার গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করতে চাইছে। সরকারের যুক্তি হলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে হলে বা কাউকে গ্রেফতার করতে হলে সরকারের পূর্বানুমতি লাগবে। একটু ভেবে দেখুন, যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে গুমের অভিযোগ ওঠে, আর সেই তদন্তের জন্য যদি খোদ সরকারের কাছেই অনুমতি চাইতে হয়, তাহলে কি কখনো সুষ্ঠু বিচার পাওয়া সম্ভব? বিগত সরকারের আমলে গুমের শিকার পরিবারগুলো তো এই অনুমতি না পাওয়ার কারণেই ন্যায়বিচার পায়নি।
পোস্টে জারা বলেন, আইনের চোখে সবাই সমান- এই সর্বজনীন সাংবিধানিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন হচ্ছে সরকারের এই পদক্ষেপে।
তিনি আরও বলেন, আইনকে হতে হয় অন্ধ ও নিরপেক্ষ। আর তা না হলে, সেই আইন হয় ক্ষমতাধারীদের সুরক্ষা দেওয়ার এবং সাধারণ জনগণকে নিষ্পেষণের হাতিয়ার।
এসকে/এসএন