একদিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি টালিউড নির্মাতা উৎসব মুখোপাধ্যায়ের
ছবি: সংগৃহীত
০৩:৪৯ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
নিখোঁজ হয়েছেন টালিউডের পরিচিত চিত্রনাট্যকার ও নির্মাতা উৎসব মুখোপাধ্যায়। তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই টালিপাড়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ব্যাংকের কাজে বাড়ি থেকে বের হন উৎসব। ব্যাংক থেকে টাকা তোলার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

পরিবার জানায়, ঘটনার দিন ব্যক্তিগত ফোনটি বাড়িতে রেখে গেলেও নির্মাতা সঙ্গে নিয়েছিলেন প্রয়াত বাবার ফোন। দুপুর ২টা ২২ মিনিটে স্ত্রীর সঙ্গে শেষবার কথা হয়েছিল উৎসবের। তখন তিনি ব্যাংকের ভেতরেই অবস্থান করছিলেন বলে জানান। এরপর থেকেই তার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। উৎসবের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা যাচ্ছে না।
পরিবার এরইমধ্যেই থানায় নিখোঁজ ডায়েরি করেছে। পুলিশ জানায়, তিনি সত্যিই ব্যাংকে পৌঁছেছিলেন কি না এবং এরপর কোথায় গিয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে এই ঘটনায় গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা দ্রুত তার সন্ধান পাওয়ার আশায় আছেন।
উৎসব মুখোপাধ্যায় জনপ্রিয় সিনেমা 'অপরাজিত'-এর চিত্রনাট্য লিখেছেন। এছাড়াও তিনি 'ভবিষ্যতের ভূত' এবং 'বরুণবাবুর বন্ধু' সিনেমার চিত্রনাট্য ও পরিচালনার সাথে যুক্ত ছিলেন।
পিআর/টিকে