এবার অ্যাকশন সিনেমায় অভিনেতা আহান পাণ্ডে
ছবি: সংগৃহীত
০৪:১৯ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
২০২৫ সালে বক্স অফিস কাঁপানো ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা বনে যান বলিউডের নবাগত অভিনেতা আহান পাণ্ডে। এবার রোম্যান্টিক প্রেমিকের খোলস ছেড়ে পর্দায় অ্যাকশন হিরো হিসেবে হাজির হতে যাচ্ছেন তিনি।
বলিউড সুপারস্টার সালমান খানের ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ খ্যাত নির্মাতা আলি আব্বাস জাফরের নতুন সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন আহান। সম্প্রতি সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায় আহানের নতুন এক লুক। যেখানে নির্মাতা উল্লেখ করেছেন, ‘এ তো মাত্র শুরু।’

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিতব্য এই সিনেমাটিতে আহান পাণ্ডেকে এক ভিন্ন রূপে দেখা যাবে। এর আগে ‘সাইয়ারা’ সিনেমায় কৃশ কাপুর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি।
তবে এবার আলি আব্বাস জাফরের হাই-ভোল্টেজ অ্যাকশন সিনেমায় তিনি নিজেকে কতটা ফুটিয়ে তুলতে পারেন, তা নিয়ে এরই মধ্যে ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। আগামী বছর সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
সিনেমাটিতে আহান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শর্বরী বাগ ও অ্যাশভরি ঠাকরে। সিনেমাটির নাম বা বিস্তারিত কাহিনী এখনো গোপন রাখা হলেও জানা গেছে, এতে অ্যাকশন ও রোমান্সের এক দারুণ মিশেল থাকবে। তরুণ প্রতিভা নিয়ে বড় বাজেটের এই কাজ নির্মাতার জন্য যেমন চ্যালেঞ্জিং, তেমনি আহানের ক্যারিয়ারের জন্যও বড় সুযোগ বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
পিআর/টিকে