© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পর্দায় সীতা হতে চেয়েছিলেন আলিয়া!

শেয়ার করুন:
পর্দায় সীতা হতে চেয়েছিলেন আলিয়া!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫১ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
অনেক দিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছে আলিয়া ভাট, রণবীর কাপুর এবং সাই পল্লবীকে ঘিরে বহুল প্রতীক্ষিত রামায়ণ। ছবিটির ঘোষণা হওয়ার পর থেকেই কে কোন চরিত্রে অভিনয় করবেন, তা নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। বিশেষ করে সীতা চরিত্রে কাকে দেখা যাবে, সেই প্রশ্নই সবচেয়ে বেশি ঘুরেছে সামাজিক মাধ্যমে এবং বিনোদন অঙ্গনে।

শোনা যায়, প্রথম দিকে নির্মাতাদের ভাবনায় সীতা চরিত্রে ছিলেন আলিয়া। ২০২২ সালে যখন ছবির প্রস্তুতি শুরু হয়, তখন একাধিকবার পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রার সঙ্গে আলিয়ার বৈঠকের খবর সামনে আসে। এমনকি অভিনেত্রীর হাতে ছবির চিত্রনাট্যও দেখা গিয়েছিল। সেই সময় থেকেই অনুরাগীদের মধ্যে জোর গুঞ্জন তৈরি হয় এবার হয়তো বড় পর্দায় সীতা রূপে দেখা যাবে আলিয়াকে।

ছবিশিকারিরা যখন তাঁকে সামনে পেতেন, তখন ‘সীতা মা’ বলে ডাক দিতেন। আলিয়ার মৃদু হাসি এবং নীরব প্রতিক্রিয়া সেই জল্পনাকে আরও উসকে দিয়েছিল। অনেকের দাবি, তিনি মাথা নেড়েও ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্ভাবনা আর বাস্তব হয়নি।

অবশেষে নির্মাতারা সীতা চরিত্রের জন্য বেছে নেন সাই পল্লবীকে। দক্ষিণী অভিনয়জগতে নিজের স্বতন্ত্র অভিনয়ভঙ্গি দিয়ে আলাদা পরিচিতি গড়া এই অভিনেত্রীকে নিয়েই এখন এগোচ্ছে ছবির কাজ।

এদিকে রণবীর নিজেও সহঅভিনেত্রী সাই পল্লবীকে নিয়ে প্রকাশ্যে প্রশংসা করেছেন। তাঁর ভাষ্য, প্রথমবার সাইকে সীতা রূপে দেখে তিনি পরিচালকের দিকে তাকিয়ে বলেছিলেন এই চরিত্রের জন্য সাই একেবারেই উপযুক্ত। রণবীরের এই মন্তব্যে স্পষ্ট, চরিত্র নির্বাচনে তাঁর আস্থা ছিল শুরু থেকেই।



ছবির প্রথম ঝলকে ইতিমধ্যে রাম রূপে রণবীরের উপস্থিতি দর্শকের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে। তবে সীতা রূপে সাই পল্লবীর আনুষ্ঠানিক প্রকাশ এখনো বাকি। সেই অপেক্ষাই যেন আরও বাড়িয়ে দিচ্ছে ছবিটিকে ঘিরে আগ্রহ।

আলিয়াকে ঘিরে শুরু হওয়া প্রত্যাশা শেষ পর্যন্ত পূরণ না হলেও, দর্শকের একাংশের বিশ্বাস ভবিষ্যতে পৌরাণিক চরিত্রে তাঁকে দেখার সুযোগ আবারও আসতে পারে। আর আপাতত সীতা চরিত্রে সাই পল্লবীর অভিনয় কেমন হয়, সেটিই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়।

পিআর/টিকে

মন্তব্য করুন