মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৬
ছবি: সংগৃহীত
০৫:৪৭ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফাপুর এলাকার ইদ্রিস হাওলাদার ও সামচু সরদারের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকা আতঙ্কগ্রস্ত হয়।
সংঘর্ষের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে।
এ সময় দুর্বৃত্তরা শাহীন হাওলাদারের মোবাইলের দোকান, রাকিবুল ইসলামের ‘ঢাকা বিরিয়ানি’সহ কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ছয়জনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
টিজে/টিকে