রাঘবকে নিয়ে কী বললেন দিশার দিদি খুশবু পাটানি?
ছবি: সংগৃহীত
০৬:১৫ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
রাজনীতি ও তারকাজগতের সংযোগে নতুন করে আলোচনায় উঠে এসেছে রাঘব চাড্ডার নাম। সাম্প্রতিক সময়ে নানা সামাজিক ইস্যুতে সরব হয়ে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। কখনও কর্মজীবী মানুষের অধিকারের কথা, কখনও করব্যবস্থা, আবার কখনও পিতৃত্বকালীন ছুটি বিভিন্ন বিষয়ে তাঁর বক্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছিল। তবে দলীয় দায়িত্বে পরিবর্তনের পর তাঁকে ঘিরে এখন শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা।

আম আদমি পার্টির রাজ্যসভার উপনেতার পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পর থেকেই নানা মহলে প্রশ্ন উঠছে, তাঁর রাজনৈতিক পথ কি নতুন দিকে মোড় নিতে যাচ্ছে। সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে একটি সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য।
একটি পোস্টে রাঘবকে উদ্দেশ করে মন্তব্য করেছেন খুশবু পাটানি। তিনি লিখেছেন, শিক্ষিত ও দূরদর্শী নেতৃত্বের এখন দেশের প্রয়োজন, আর ভবিষ্যতে রাঘব নিজস্ব রাজনৈতিক দল গঠন করতে পারেন বলেই তাঁর বিশ্বাস। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এমন উদ্যোগ হলে অনেকেই তাঁর পাশে থাকবেন।
এই মন্তব্য ঘিরেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকের ধারণা, রাজনৈতিক অঙ্গনে নিজের আলাদা অবস্থান তৈরি করতে পারেন রাঘব। যদিও এ বিষয়ে তিনি নিজে এখনো সরাসরি কিছু জানাননি।
অন্যদিকে, সবাই যে তাঁর পক্ষে কথা বলছেন তা নয়। অশোক পণ্ডিত প্রকাশ্যে রাঘবের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, দলের ভেতরের নানা বিষয়ে আগে নীরব থেকেছেন রাঘব। তবে রাঘবের বক্তব্য, সংসদে সুযোগ পেলেই তিনি মানুষের বাস্তব সমস্যার কথা তুলে ধরেছেন।
ব্যক্তিজীবনেও তিনি আলোচনায় থাকেন নিয়মিত। অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে এই দম্পতি তারকাজগতের অন্যতম আলোচিত নাম। কঠিন সময়েও পরিণীতি তাঁর পাশে রয়েছেন বলেই ঘনিষ্ঠ মহলের ধারণা।
রাজনীতির ময়দানে ভবিষ্যৎ নিয়ে জল্পনা যতই বাড়ুক, আপাতত রাঘবের প্রতিটি পদক্ষেপই নজরে রাখছেন অনুরাগী ও রাজনৈতিক পর্যবেক্ষকেরা। খুশবুর এক মন্তব্যই সেই আগ্রহ আরও উসকে দিল।
পিআর/টিকে