কর্ণাটকের বাসিন্দা রিনা রাজুর কথায় নতুন ভাবে আলোচনায় সালমান খান!
ছবি: সংগৃহীত
০৬:৩১ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
তারকাখ্যাতির ঝলকানির আড়ালে বহু সময়েই এমন কিছু গল্প লুকিয়ে থাকে, যা প্রকাশ্যে এলে নতুন করে আলোচনায় উঠে আসেন শিল্পীরা। এবার তেমনই এক অভিজ্ঞতা সামনে এনেছেন রিনা রাজু, যার কথায় নতুনভাবে আলোচনায় সালমান খান।
রিনার ভাষ্য, জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে নীরবে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন সালমান। হৃদ্যন্ত্র প্রতিস্থাপনের মতো জটিল চিকিৎসার আগে থেকেই অভিনেতার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। অসংখ্য বার্তার ভিড়েও সালমান তাঁর বার্তার উত্তর দিয়েছিলেন এই ঘটনাই তখন তাঁকে বিস্মিত করেছিল।

রিনা জানিয়েছেন, অস্ত্রোপচারের সময় সালমান দেশের বাইরে শুটিংয়ে ছিলেন। তবু যেদিন তাঁর অস্ত্রোপচার হয়, সেদিন রাতেই ফোন করে দীর্ঘ সময় কথা বলেন অভিনেতা। শুধু খোঁজ নেওয়া নয়, পরিবারকে সাহস দেওয়া, মানসিক শক্তি জোগানো সবই করেছিলেন তিনি।
এরপর কিছু সময় যোগাযোগ কমে গেলেও সম্পর্কের উষ্ণতা কমেনি। পরে আবার বার্তা পাঠালে সালমান তাঁকে চিনতে পারেন। ২০১৮ সালে দ্বিতীয়বার হৃদ্যন্ত্র প্রতিস্থাপনের সময় প্রথমবার সরাসরি দেখা হয় তাঁদের।
রিনা বলেন, যে সাক্ষাৎ মাত্র কয়েক মিনিটের হওয়ার কথা ছিল, সেটি ধীরে ধীরে এক স্মরণীয় রাত হয়ে ওঠে। সেদিন অভিনেতার বাড়িতে গান, আড্ডা, নাচ আর আনন্দে কেটে যায় পুরো রাত। অসুস্থতার দীর্ঘ পথ পেরিয়ে এমন এক পরিবেশে নিজেকে নতুনভাবে খুঁজে পেয়েছিলেন তিনি।
পরে তাঁকে নিয়ে যাওয়া হয় রেস ৩ এর শুটিং সেটেও। পুরো দিন সেখানেই কাটান রিনা ও তাঁর পরিবার। সেই সময় সালমান তাঁর হাতে তুলে দেন বিইং হিউম্যান এর একটি সাদা সাইকেল।
রিনার মতে, মানুষের উপকার করতে ভালোবাসেন সালমান, কিন্তু সেই কাজ নিয়ে প্রকাশ্যে বলতে স্বচ্ছন্দ নন। অনেকেই তাঁকে নানা দৃষ্টিতে দেখলেও, তাঁর অভিজ্ঞতায় অভিনেতার আরেকটি মানবিক দিক স্পষ্ট হয়ে উঠেছে।
তারকাদের ঘিরে যত বিতর্কই থাকুক, এমন গল্পই মাঝেমধ্যে অন্য এক সালমান খানকে সামনে আনে যিনি নীরবে কারও কঠিন সময়ের শক্তি হয়ে থাকেন।
পিআর/টিকে