হাসপাতালে ভর্তি অভিনেতা সাহেবের মা!
ছবি: সংগৃহীত
০৭:২৮ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
ব্যক্তিগত দুশ্চিন্তা আর মানসিক চাপের ভেতর দিয়ে কঠিন সময় পার করছেন সাহেব চট্টোপাধ্যায়। পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে ঘিরে এই উদ্বেগের মধ্যেই তাঁর দিন কাটছে হাসপাতাল আর বাড়ির মধ্যে ছুটে ছুটে।
মার্চের মাঝামাঝি সময়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে অসমে গিয়েছিলেন সাহেব। ফিরে এসে দেখেন বাড়ির পরিবেশ অস্বাভাবিকভাবে উদ্বিগ্ন। তাঁর স্ত্রী তখন ভীষণ দুশ্চিন্তায়, ঘরে চিকিৎসক উপস্থিত। জানা যায়, প্রথমে মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়ে তাঁর মায়ের। কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই সংক্রমণ শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে এবং রক্তেও জটিলতা তৈরি হয়।
অবস্থা দ্রুত খারাপ হতে থাকায় ২২ মার্চই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে প্রায় প্রতিদিনই হাসপাতাল ও বাড়ির মধ্যে সময় কাটাতে হচ্ছে অভিনেতাকে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে এখন আগের তুলনায় কিছুটা স্থিতিশীল আছেন তিনি। তবে এখনো শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক নয়, দুর্বলতাও রয়ে গেছে।

এই কঠিন সময়েই কাছের মানুষ হারানোর খবরও তাঁকে নাড়া দিয়েছে। বন্ধু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সাম্প্রতিক ঘটনাও মানসিকভাবে তাঁকে ভেঙে দিয়েছে বলে জানিয়েছেন সাহেব।
চিকিৎসকদের পরিকল্পনা অনুযায়ী, শনিবার শারীরিক অবস্থার নতুন অবনতি না হলে হাসপাতাল থেকে বাড়িতে ফিরতে পারেন তাঁর মা। সেই প্রস্তুতিও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাড়িতে অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় চিকিৎসা-সরঞ্জাম রাখা হয়েছে, যাতে পরবর্তী চিকিৎসা সেখানেই চালানো যায়।
একই দিনে রাহুলকে ঘিরে আয়োজিত পদযাত্রায় অংশ নেওয়ার কথা থাকলেও, বর্তমান পরিস্থিতিতে তা অনিশ্চিত হয়ে পড়েছে। সাহেব জানিয়েছেন, মায়ের বাড়ি ফেরার সময় তাঁকে পাশে থাকতে হবে। তাই সেই কর্মসূচিতে উপস্থিত থাকা সম্ভব নাও হতে পারে।
তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, শারীরিকভাবে উপস্থিত না থাকলেও রাহুলকে ঘিরে যে দাবিগুলো উঠছে, তার পাশে তিনি আছেন।
পরিবারের এই সংকটময় মুহূর্তে সাহেবের চাওয়া এখন একটাই মায়ের সুস্থতা।
পিআর/টিকে