ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৮:৪৯ এএম | ০৪ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় এভাবেই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবজনক বিজয়ে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।
শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত সব পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এই প্রেক্ষাপটে তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়ামোদী জনগণকে উজ্জীবিত করবে।’
প্রধানমন্ত্রী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ যুব ফুটবল দলের সব খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
আরআই/টিএ